বুধবার | ২৫ নভেম্বর ২০২৬

বৃদ্ধাশ্রমে বিয়ে করছেন কলকাতার ষাটোর্ধ্ব পাত্রী সাবিনা আর হিমাচলের সত্তরোর্ধ্ব পাত্র কানহাইয়া

 বৃদ্ধাশ্রমে বিয়ে করছেন কলকাতার ষাটোর্ধ্ব পাত্রী সাবিনা আর হিমাচলের সত্তরোর্ধ্ব পাত্র কানহাইয়া

বিলাসপুর (হিমাচল প্রদেশ), ২৫ নভেম্বর : পরিবার থেকে একজনকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আর একজন নিজের পরিবার থেকে আলাদা হয়ে গিয়েছিলেন কোনও এক কালে। তারপর চলার পথে দু’জনেই পেয়েছেন অনেক যন্ত্রণা। কালক্রমে এসেছে বার্ধক্য। পাল্টে গিয়েছে জীবন। অথচ তার মধ্যেই মিলন হল দোঁহে!
হিমাচলের বিলাসপুর জেলার এক বৃদ্ধাশ্রমে মন দেওয়া-নেওয়া হয়ে গিয়েছে ৬৩ বছর বয়সি সাবিনা এবং ৭৫ বছরের কানহাইয়া লালের। আগামী রবিবার চার হাত এক হচ্ছে বিলাসপুরের ঘাগাস এলাকার ‘আপনা ঘর’ নামে ওই বৃদ্ধাশ্রমে। দুই বুড়ো-বুড়ির বিয়ে দেখার জন্য উন্মুখ বৃদ্ধাশ্রমের সকলেই। সাবিনা কলকাতায় থাকতেন একটা সময় আর কানহাইয়া লালের বাড়ি ছিল বান্ডিল জনঝেলি এলাকার থুয়াং গ্রামে। শনিবার বিলাসপুর কোর্টে বিয়ের রেজিস্ট্রি হবে। তারপর বিয়ের রীতি মেনে উৎসবে মাতবে ‘আপনা ঘর’। বৃদ্ধাশ্রম সূত্রে জানা গিয়েছে, কানহাইয়ার একসময় পরিবার ছিল। চাষবাস করে সংসার চালাতেন তিনি। দীর্ঘ রোগভোগে মারা যান তাঁর স্ত্রী। তাঁদের কোনও সন্তান ছিল না। নিজের জমিজমা ভাইয়ের নামে করে দিয়েছিলেন কানহাইয়া। তারপরেও ভাইরা তাঁকে বাড়ি থেকে উৎখাত করে। নিজের পরিবারের কাছ থেকে এই ব্যবহার পেয়ে চূড়ান্ত মানসিক আঘাতে অসুস্থ হয়ে পড়েন কানহাইয়া।
সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে জঙ্গলের মধ্যে একটি গুহায় থাকতে শুরু করেন। ২০২২ সালে তাঁকে বিলাসপুরে নিয়ে আসা হয়। তারপর থেকে তিনি এই বৃদ্ধাশ্রমেই ছিলেন।
অন্যদিকে কলকাতার সাবিনার গল্পটা একটু অন্যরকম। পরিবারের সঙ্গে মানালি বেড়াতে গিয়েছিলেন। তাঁরও মানসিক ভারসাম্য-সংক্রান্ত সমস্যা ছিল। তিনি পথ হারিয়ে মাশোব্রায় পৌঁছন। সেখান থেকে পুলিশ তাঁকে উদ্ধার করে নিয়ে যায় মহিলা সুরক্ষা কেন্দ্রে। আর সেখানেই তিনি ছিলেন চার বছর। ২০২৫ সালে তিনি পৌঁছান ‘আপনা ঘর’ বৃদ্ধাশ্রমে।
সেখানেই একরকম শান্তি খুঁজে পেয়েছিলেন সাবিনা। আর তারপর কানহাইয়া লালের সঙ্গে দেখা হওয়ার পর জীবনটা একেবারেই বদলে গিয়েছে তাঁর। রোজকার কাজকর্মে সাহায্য করতে করতে একে অপরের সান্নিধ্য পছন্দ করতে শুরু করেন তাঁরা। দু’জনেই দু’জনের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখেন। তাঁদের মধ্যে এইভাবে এক অদ্ভুত বন্ধন তৈরি হয়ে যায়। নিজেরাই ঠিক করেন, বিয়ে করবেন। এরপর ‘আপনা ঘর’-এর প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট প্রকাশ বনশল তাঁদের সঙ্গে কথা বলেন। তারপরেই ঠিক হয়, বৃদ্ধাশ্রমে বিবাহ অনুষ্ঠান হবে। বিয়ের পরে অবশ্য তাঁরা চলে যাবেন নালাগড়ের আর একটি বৃদ্ধাশ্রমে। সেটিও তৈরি করেছেন প্রকাশ বনশল। তিনি জানান, নতুন ওই বৃদ্ধাশ্রমে নতুন জীবন শুরু করবেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *