জন্মের দিন মায়ের লাথিতে পা ভেঙেছিল, ছোট্ট ‘রাজা’র জরুরি চিকিৎসা চলছে আম্বানিদের ‘বনতারা’য়
জামনগর, গুজরাট- জন্মের দিনই মায়ের লাথিতে পিছনের ডান পায়ের হাড় ভেঙে গিয়েছিল। তারপর থেকে একের পর এক শারীরিক জটিলতায় ভুগছে মাত্র সাত সপ্তাহের হস্তীশাবক ‘রাজা’। সঙ্কটজনক অবস্থায় থাকা ওই শাবকটিকে জরুরি চিকিৎসার জন্য অসম থেকে বিমানে উড়িয়ে গুজরাতের জামনগরে নিয়ে যাওয়া হয়। সেখানে রিলায়্যান্স পরিচালিত ‘বনতারা’র হাতি হাসপাতালে আইসিসিইউ-তে তার চিকিৎসা চলছে।
বনতারার তরফে জানানো হয়েছে, আড়াই হাজার কিলোমিটারেরও বেশি দীর্ঘ সড়কপথের ধকল শাবকটির পক্ষে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছিলেন পশুচিকিৎসকেরা। তাই গুয়াহাটি থেকে চার ঘণ্টার বিশেষ বিমানযাত্রার ব্যবস্থা করা হয়েছে। সংস্থার দাবি, আম্বানিদের উদ্যোগে ভারতে এই নিয়ে তৃতীয় বার কোনও হাতিকে এভাবে আকাশপথে নিয়ে যাওয়া হল। গত ২ অক্টোবর অসমের গোগামুখে জন্ম হয়েছিল এশীয় প্রজাতির হস্তীশাবক রাজার। গত সাত সপ্তাহ ধরে লখিমপুর জেলার পহুমারায় মালিকের বাড়িতেই তার চিকিৎসা চলছিল। গত ৮ অক্টোবর থেকে বনতারার চিকিৎসক দল সেখানে গিয়ে তার দেখভাল করছিলেন।
তার জন্য বিশেষভাবে তৈরি একটি খাঁচা বা ‘ক্রেট’-এ করে রাজাকে বিমানে তোলা হয়। উড়ানের পুরো সময় জুড়ে তার শারীরিক অবস্থা, শরীরে জলের মাত্রা (হাইড্রেশন) এবং রক্তে শর্করার পরিমাণ নজরদারিতে রাখেন পশুচিকিৎসক, প্যারাভেট এবং পরিচর্যাকারীরা।
বিজ্ঞপ্তি অনুযায়ী, জন্মের দিনই ১১ বছর বয়সি মায়ের লাথিতে রাজার পিছনের ডান পায়ের উরুর হাড় (ফিমার) সম্পূর্ণ ভেঙে যায়। পায়ের ওপর ভর দিয়ে দাঁড়াতে না পারায় সে মায়ের দুধ ও শালদুধ (কোলোস্ট্রাম) থেকে বঞ্চিত হয়, যা সদ্যোজাত হাতির পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অত্যন্ত জরুরি।
মালিকের আবেদনের ভিত্তিতে গত ৮ অক্টোবর বনতারার ‘র্যাপিড রেসপন্স টিম’ রাজার কাছে পৌঁছয়। এক্স-রে করে দেখা যায়, ভাঙা হাড়ের দুই প্রান্ত সরে গিয়ে অসামঞ্জস্যপূর্ণ অবস্থায় রয়েছে। চিকিৎসক দল প্লাস্টার ও সাপোর্টিভ ব্যান্ডেজের সাহায্যে পা স্থিতিশীল করে, স্লিং ব্যবহার করে তাকে দাঁড় করানোর ব্যবস্থা করে এবং বিশেষভাবে তৈরি বিকল্প দুধ খাওয়ানো শুরু করে।
১০ অক্টোবর তাকে পহুমারায় মালিকের বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলতে থাকে। আহত পায়ে চাপ না দিয়ে যাতে সে নড়াচড়া করতে পারে, সে জন্য সেখানে একটি ‘হাইড্রোথেরাপি পুকুর’-ও তৈরি করা হয়েছিল।
তবে পরবর্তীতে ডায়রিয়া, ‘ক্লেবসিয়েলা নিউমোনিয়া’ ব্যাকটেরিয়ার সংক্রমণ, বারবার রক্তে শর্করা কমে যাওয়া, লিভারের সমস্যা, প্রেশার সোর, নাভির হার্নিয়া এবং সার্বিক দুর্বলতায় রাজার শারীরিক অবস্থা আরও জটিল হয়ে ওঠে। অ্যান্টিবায়োটিক, স্যালাইন, পুষ্টিকর সাপ্লিমেন্ট এবং ক্ষতের পরিচর্যার মাধ্যমে চিকিৎসা চালানো হচ্ছিল।
বনতারা কর্তৃপক্ষ জানিয়েছে, জামনগরের হাসপাতালে পৌঁছনোর পর রাজার আরও কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা, অর্থোপেডিক চিকিৎসা, ব্যথা উপশম, চলাফেরার থেরাপি এবং পুষ্টিগত পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
সংস্থার মতে, এই হস্তীশাবকটির সুস্থ হয়ে বেঁচে থাকার জন্য সম্ভবত আজীবন পশুচিকিৎসকদের নিবিড় পরিচর্যা ও নজরদারির প্রয়োজন হবে। তবে তাকে আজীবন বনতারায় রাখা হবে কি না, সে নিয়ে এখনও রিলায়্যান্সের তরফে কোনও কিছু জানানো হয়নি।