১২ ঘণ্টা ডেলিভারি সপ্তাহে ৯০ ঘণ্টা ডিউটি, ব্লিঙ্কিটে প্রথম মাসেই ৩৯ হাজার টাকা আয় যুবকের
সন্দীপ বসু- গল্পটা চণ্ডীগড়ের এক যুবকের। থুড়ি! গল্প নয়, আদপে সত্যি ঘটনা। আর সত্য কাহিনি অবলম্বনে নিজের অভিজ্ঞতা সমাজমাধ্যমে পোস্ট করেছেন এক ডেলিভারি বয়। তাঁর পোস্টটা শুধু নিজের রোজগারের বহরকে জানানো নয়, বরং আরও অনেক বেকারদের উৎসাহ দেওয়ার জন্য। অন্তত এমনটাই দাবি তাঁর।
ব্লিঙ্কিটের ডেলিভারি পার্টনার হিসাবে কাজ শুরু করে প্রথম মাসেই প্রায় ৩৯ হাজার টাকা আয় করেছেন ওই যুবক। তবে এই রোজগারের পিছনে রয়েছে দীর্ঘ সময়ের পরিশ্রম, রাস্তায় কাটানো ঘণ্টার পর ঘণ্টা এবং শারীরিক ধকল। সম্প্রতি সমাজমাধ্যমের একটি আলোচনামঞ্চে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন ওই যুবক। পাশাপাশি, এই পেশায় নামার আগে কোন বিষয়গুলি মাথায় রাখা দরকার, সেই পরামর্শও দিয়েছেন তিনি। তাঁর পোস্ট অনুযায়ী, চণ্ডীগড়ে ডেলিভারি পার্টনার হিসাবে তাঁর প্রথম মাসের অভিজ্ঞতা মোটের উপর ভাল। কাজ নিয়ে বড় কোনও অভিযোগ নেই। তবে আয়ের অঙ্কটা এসেছে বেশ লম্বা সময় কাজ করার বিনিময়ে।
সপ্তাহের অন্যান্য দিন প্রায় ১২ ঘণ্টা কাজ করেন তিনি। শনি ও রবিবার সেই সময় বেড়ে দাঁড়ায় ১৬ ঘণ্টায়। কারণ, সপ্তাহান্তে অর্ডারের সংখ্যা অনেকটাই বেড়ে যায়। ফলে সপ্তাহে প্রায় ৯০ ঘণ্টা পিঠে ব্যাগ আর ই-স্কুটি নিয়ে দৌড়াতে হয়।
সংস্থার তরফে দেওয়া লক্ষ্যমাত্রা পূরণের জন্য বোনাসও তাঁর কাছে যুক্তিসঙ্গত বলে মনে হয়েছে। এর পাশাপাশি গ্রাহকদের কাছ থেকে পাওয়া বকশিশও মোট আয়ে বাড়তি যোগ করে। সব মিলিয়ে প্রথম মাসে প্রায় ৩৯ হাজার টাকা হাতে এসেছে তাঁর। কাজে যোগ দিতে ইচ্ছুকদের জন্য তিনি পরামর্শও দিয়েছেন, নিজের পেট্রলচালিত বাইক থাকলেও বৈদ্যুতিক গাড়ি ভাড়া নেওয়ার কথা তাঁর পরামর্শ দিয়েছেন। কারণ, অনেক সময় ভারী জিনিসপত্র বাইকে বহন করা বেশ কঠিন হয়ে পড়ে। সে ক্ষেত্রে বৈদ্যুতিক গাড়ি তুলনায় সুবিধাজনক হতে পারে।
ওই ডেলিভারি বয়ের মতে, চণ্ডীগড়ের মতো পরিকল্পিত শহরে ডেলিভারির কাজ কিছুটা সহজ। সেক্টর ধরে রাস্তা ও বাড়ির ঠিকানা খুঁজে পাওয়া যায় সহজেই। যানজটের সমস্যাও তুলনায় কম থাকায় ছোট দূরত্বের অর্ডার দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব। শহরের বাসিন্দাদের কাছ থেকে ভাল বকশিশ পাওয়ার অভিজ্ঞতাও হয়েছে তাঁর।
তবে সতর্কবার্তাও দিয়েছেন তিনি, ‘প্রতিদিন ১২ ঘণ্টা বা তার বেশি সময় রাস্তায় থেকে কাজ করা মোটেই সহজ নয়। শারীরিকভাবে দুর্বল হলে এই কাজ সামলানো কঠিন হতে পারে।’
নিজের উপার্জনের টাকা জমিয়ে প্রথমে একটি নতুন মোবাইল ফোন কেনার পরিকল্পনা রয়েছে তাঁর। পরে বাইকও বদলাতে চান। তবে তাঁর অভিজ্ঞতা যে সব শহরে একই রকম হবে, এমনটা নয়। শহরের রাস্তা, যানজট, বাড়ির অবস্থান এবং অর্ডারের দূরত্বের উপর কাজের সুবিধা-অসুবিধা অনেকটাই নির্ভর করে। তাই শুধু মাসিক আয়ের অঙ্ক দেখে এই পেশায় নামার আগে কর্মঘণ্টা ও শারীরিক সক্ষমতার বিষয়টিও ভেবে দেখা জরুরি বলে জানিয়েছেন তিনি।