শনিবার | ০২ মে ২০২৬

পশ্চিম এশিয়া ছাড়ল মার্কিন রণতরী, যুদ্ধ শেষের ইঙ্গিত!

 পশ্চিম এশিয়া ছাড়ল মার্কিন রণতরী, যুদ্ধ শেষের ইঙ্গিত!

ওয়াশিংটন, ২ মে : এবার কী তাহলে যুদ্ধ শেষের ইঙ্গিত দিচ্ছে আমেরিকা? আচমকাই মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পশ্চিম এশিয়া ছেড়ে চলে যাওয়ার পরেই এই প্রশ্ন সামনে এসেছে। যুদ্ধবিমান বহনকারী বিশ্বের সবচেয়ে বড় রণতরী হিসেবেই পরিচিত এই ইউএসএস জেরাল্ড। পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাত শুরু হতেই গত ফেব্রুয়ারিতে ক্যারিবিয়ান অঞ্চল থেকে পশ্চিম এশিয়ায় মোতায়েন করা হয়েছিল জেরাল্ড ফোর্ডকে। আগেই উপসাগরীয় অঞ্চলে মোতায়েন করা হয়েছিল রণতরী আব্রাহাম লিঙ্কনকে। তার পর পরে আরও দু’টি রণতরীকেও পারস্য উপসাগরে মোতায়েন করে আমেরিকা।

            এপ্রিলের মাঝামাঝি সময় থেকে ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধবিরতি শুরু হয়। প্রথমে দু’সপ্তাহের জন্য সেই যুদ্ধবিরতিতে সম্মত হয় দু’দেশ। সেই সময়সীমা শেষ হতে আমেরিকা যুদ্ধবিরতির সময়সীমা আরও বাড়ায়। ফলে এপ্রিলের মাঝামাঝি সময় থেকে দু’দেশের মধ্যে গোলাগুলি প্রায় বন্ধ। তবে দুই দেশের তরফে হুমকি এবং পাল্টা হুমকি চলছেই।

            শুক্রবার মার্কিন কংগ্রেসকে চিঠি লিখে ট্রাম্প জানান, গত ৭ এপ্রিল থেকে ইরানের সঙ্গে কোনও গোলাগুলি বিনিময় হয়নি। শুক্রবারই যুদ্ধবিরতির সময়সীমা শেষ হয়েছে। এর পরেও সামরিক অভিযান চালানোর জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। কিন্তু ট্রাম্প এখনও তা পাননি। তার মধ্যেই আমেরিকার সবচেয়ে বড় এবং শক্তিশালী রণতরী পারস্য উপসাগর ছেড়ে চলে যাওয়ায় স্বাভাবিক ভাবেই জল্পনা আরও জোরদার হয়েছে যে, তা হলে কি এবার যুদ্ধ শেষ করার পথে হাঁটল আমেরিকা? যদিও এখনও বেশ কয়েকটি মার্কিন রণতরী মোতায়েন রয়েছে ওই অঞ্চলে। মার্কিন বাহিনীর এক সূত্র বলছে, পশ্চিম এশিয়ায় রণতরী আব্রাহম লিঙ্কন এবং জর্জ এইচডব্লিউ বুশ-সহ মোট ২০টি রণতরী এবং নৌবহর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *