মঙ্গলবার | ২১ এপ্রিল ২০২৬

দু’টি কবিতা

 দু’টি কবিতা

অমিতাভ সরকার

কালের ইষ্টপদে কবি—

ভালোবাসা হৃদিতট নোনা গাঙে জল,
চরের মানুষ খুঁজে কিবা ফলাফল।
চেনাশোনা জানা দিয়ে কতটুকু তার,
সংসারে সঙ সেজে নিজেকে দেওয়ার।
কর্তার আদেশে কর্ম, নীরব সাধন,
প্রত্যাশা বিষম বস্তু, অরণ্যে রোদন।
অশোকের পাশে শোক, পাশাপাশি চলা,
নিজের ভিতরে একা চুপ কথা বলা।
ক্ষমার পরম কূলে শান্তি মনোহর,
ঠিক-ভুল আপেক্ষিক, অপেক্ষা প্রসর।
রাগ, মোহ, তুচ্ছ ক্লেশ, মায়ার যতন,
দ্রোহের তাসের ঘরে শরীর পাতন।
হিসাবের বেহিসাবে পাতা ভরে যায়,
নিত্য-অনিত্য সবই শেষ ঠিকানায়।

পারমার্থিক

সুখ-দুঃখ দুটি পাড়া, মাঝে প্রতিপদ,
আলোর মাটির খোঁজে দ্বিধা মতামত।
ভাবনা যে যার তীর্থ, আপন ধরন,
খ্যাপা খুঁজে হেরে ফেরে অরূপরতন।
জন্ম, কর্ম, উপাচার, লিপিকা বিলাস,
আসলে-নকলে ধুলো-রঙের নির্যাস।
পাপ-পুণ্য ভেদাভেদ, সবই সেই দান,
একই সে পরম্পরা, একই অভিমান।
লোভ-লাভ লোকসানে চেতনার ক্ষয়,
একে একে সব চেষ্টা গলে জল হয়।
চাঁদপুর মায়াভরা চাঁদের সাম্পান,
স্পৃহার অমোঘ জোরে বাড়ে খতিয়ান।
আগামী সে অনিশ্চয় রিপুর দশায়,
নীতি-রোধ যান্ত্রিকতা দিশা বদলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *