প্রবল ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ
কলকাতা, ২৯ মে– শুক্রবার প্রবল ঝড় ও বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। এদিন সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার। সেই সঙ্গে ছিল অস্বস্তিকর ভ্যাপসা গরম। দুপুর গড়াতেই আকাশ কালো করে শহরে শুরু হয়ে যায় বৃষ্টি। সঙ্গে অন্তত ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়।
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়, শুক্রবার দুপুর ২টো ৪৫ মিনিট থেকে ২টো ৪৭ মিনিটের মধ্যে আলিপুরে ঝড়ের গতি হয়েছিল ৮৮ কিলোমিটার। দমদমে ২টো ২৯ মিনিট থেকে ২টো ৩০ মিনিটের মধ্যে ঝড়ের গতি হয়েছিল ৭৪ কিলোমিটার। প্রবল ঝড়ের মধ্যেই আউট্রাম ঘাটের কাছে আম কুড়োতে যান এক যুবক। সেখানেই বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হয় তাঁর। ঝড়ের কারণে গাছের ডাল ভেঙে চক্ররেলের ওভারহেড তার ছিঁড়ে পড়ে। তাতেই আগুন ধরে বিপত্তি। মৃত্যুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যান রেলের আধিকারিকরা। গাছপালা সরিয়ে মৃতদেহ উদ্ধারের কাজ শুরু হয়।
ঝড় ও বৃষ্টিতে দমদম বিমানবন্দর এলাকাতেই কিছুটা জল জমে যায়। ঝড়ের কারণে প্রায় এক ঘণ্টার মতো বিমানবন্দরে বন্ধ ছিল বিমানের ওঠানামা। মধ্যমগ্রাম স্টেশনের কাছে লাইনে গাছ পড়ায় বনগাঁ শাখায় বেশ কিছু ক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল। ঝড়ে গাছ উপড়ে ট্রেন চলাচল ব্যাহত হয় ব্যান্ডেল-কাটোয়া শাখায়। হাওড়া, হুগলিতেও চলে ঝড়বৃষ্টি। দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় দুর্যোগের জন্য লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস রয়েছে।