রবিবার | ২৯ নভেম্বর ২০২৬

৩৪ মাসেই ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’-এ রাজস্বিনী

 ৩৪ মাসেই ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’-এ রাজস্বিনী

নিজস্ব সংবাদদাতা- বয়স মাত্র ২ বছর ১০ মাস। অথচ তার মগজে ঠাঁই পেয়েছে শরীরের ৪২টি অঙ্গপ্রত্যঙ্গ, ৩০টি পাখি, ৩২টি প্রাণী থেকে শুরু করে হরেক রকমের ফুল, ফল, মাছ, পোকামাকড় ও আনাজের নাম। শুধু তাই নয়, ইংরেজি ১৮টি বিপরীতার্থক শব্দও অনর্গল বলতে পারে সে। বিস্ময়কর এই স্মৃতিশক্তি আর শেখার আগ্রহেই জাতীয় স্তরে নজর কেড়েছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার পান্ডুয়ার উত্তরায়ণের খুদে রাজস্বিনী চক্রবর্তী। তারই স্বীকৃতিতে এই বয়সেই তার নাম উঠেছে ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’-এ। অথচ এখনও স্কুলের দরজায় পা রাখেনি সে।
রাজস্বিনীর এই সাফল্যে উচ্ছ্বসিত পরিবার। মা সায়নী চক্রবর্তী পঞ্চায়েতের কর্মী। বাবা রাহুল চক্রবর্তী পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। সায়নীর কথায়, মেয়ের মধ্যে ছোট থেকেই নতুন কিছু জানার প্রবল আগ্রহ। কথা বলতে শেখার আগেই তাঁর কথা মন দিয়ে শুনত সে। পরে বই, খাতা, পেন-পেনসিলের প্রতি আকর্ষণ তৈরি হয়। বর্ণমালার বই থেকে ইংরেজি অক্ষর শেখা। তারপর পশুপাখি ও চারপাশের নানা পরিচিত জিনিস চিনে নেওয়া।
ধীরে ধীরে এগিয়েছে রাজস্বিনীর শেখার পরিধি। তবে নিয়ম করে তাকে রোজ পড়তে বসানো হয় না। তবে সময় পেলে শেখানোর চেষ্টা করেন মা। মায়ের মতে, ‘রাজস্বিনীর অসাধারণ স্মৃতিশক্তির পাশাপাশি নতুন কিছু শেখার তাগিদই এই সাফল্যের অন্যতম কারণ।’
মাত্র ৩৪ মাস বয়সে রেকর্ডের জন্য আবেদন করে পরিবার। গত ৩০ সেপ্টেম্বর আবেদন জমা পড়ার পরে প্রয়োজনীয় নথি ও ভিডিও চায় সংশ্লিষ্ট সংস্থা। অক্টোবরে কৃতিত্ব যাচাইয়ের পর নির্বাচিত হওয়ার খবর আসে। নভেম্বরের প্রথম সপ্তাহে হাতে আসে মেডেল ও শংসাপত্র।
বাংলা ও ইংরেজিতে ১ থেকে ২৪ পর্যন্ত সংখ্যা বলা ছাড়াও এলোমেলোভাবে সাজানো ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যা ক্রমানুসারে সাজাতে পারে রাজস্বিনী। শুধু মুখে বলেই থেমে নেই সে। নিজের হাতে ইংরেজি অক্ষর লেখার চেষ্টাও করছে। তিন বছর পূর্ণ হওয়ার আগেই তার এই সাফল্য শুধু একটি রেকর্ড নয়, একরত্তির শেখার অদম্য আগ্রহেরও স্বীকৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *