তৃণমূলের প্রতীক কার কাছে, শীর্ষ আদালতের নির্দেশে কমিশনে দুই শিবিরের শুনানি
কলকাতা, ২৭ নভেম্বর– কে আসল তৃণমূল, শীর্ষ আদালতের নির্দেশ মেনে এদিন দিল্লির নির্বাচন সদনে তা নিয়েই দুই শিবিরের শুনানি হল। কিন্তু আজই শুনানি শেষ হয়নি। এরপর ফের শুনানি হবে নির্বাচন কমিশনে। প্রথম দিনের শুনানি শেষে সাংবাদিকের সামনে মুখ খুললেন দুই পক্ষই।
এরই মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির নতুন করে নথি জমা দিতে চেয়েছিলেন কিন্তু তার সরাসরি বিরোধিতা করেছেন মমতা শিবিরের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরিপ্রেক্ষিতে পাল্টা আপত্তি তুলেছে ঋতব্রতের ডেমোক্র্যাটিক দলও। আজকের শুনানিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, যে প্রথমেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বলা হয় যে তারা কিছু নতুন নথি জমা দিতে চাইছেন, তাতে সরাসরি আপত্তি তোলা হয়েছে। কারণ, সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী চার সপ্তাহের মধ্যে ডকুমেন্ট জমা দেওয়ার দিন শেষ হয়ে গেছে।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে কাউন্টার অ্যাফিডেভিট ফাইল করার জন্য, সে অর্ডার শেষ হয়ে গেছে। আর তার পর চার সপ্তাহের মধ্যে এর হিয়ারিং করতে হবে। এটা হয়নি। এখন নির্বাচন কমিশনের ক্ষমতা নেই, সেটা এক্সটেনশন করার। কল্যাণ মনে করিয়ে দেন, ‘সুপ্রিম কোর্ট বলেছে কাউন্টার অ্যাফিডেভিট ফাইল করার জন্য। কিন্তু ওরা কোনও কাউন্টার অ্যাফিডেভিট ফাইল করেননি। একটা রিটেন সাবমিশন ফাইল করেছেন। সেই সাবমিশনের প্লিডিং হয় না। অ্যাপ্লিকেশনও করার কোনও আদেশ দেননি।’
পাল্টা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার ধারণা, আজকে উনি (কল্যাণ বন্দ্যোপাধ্যায়) যা পারফর্ম উনি করেছেন, পরের দিন বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ভাইপো ওঁকে দিয়ে আর প্লিড করাবেন না, এটুকু বলতে পারি।’ মমতা শিবিরের কথায়, যা যা নথি জমা পড়েছে, তার ভিত্তিতেই ঠিক করতে হবে যে দল, প্রতীক বা তহবিল কার কাছে যাবে। তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এও স্পষ্ট করে দিলেন যে, আজ শুনানি শেষ হয়নি, পরে আরও শুনানি হবে। তারপর নির্বাচন কমিশন এই বিষয়ে চূড়ান্ত রায় দেবে।