মেয়রের ইস্তফা, বিধাননগর পুর নিগম হাতছাড়া তৃণমূলের
কলকাতা, ৪ জুন– কলকাতা পুর নিগমের পরিস্থিতি টলমল। সেই আবহেই এবার কলকাতা লাগোয়া বিধাননগর পুরসভা তৃণমূলের হাতছাড়া হল। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। বৃহস্পতিবার দুপুরে বিধাননগর পুরনিগমের কমিশনারের কাছে ইস্তফাপত্র তুলে দেন কৃষ্ণা। জানা গিয়েছে, রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং দফতরের সচিবের কাছেও পদত্যাগপত্রের কপি পাঠিয়েছেন কৃষ্ণা।
আগামী আরও আট মাস মেয়ার রয়েছে বর্তমান মেয়রের। ২০১৯ থেকে ২০২২, তার পর ২০২২ থেকে ২০২৬-এর ৪ জুন পর্যন্ত দু’দফায় বিধাননগরের মেয়র পদে ছিলেন কৃষ্ণা। ২০১৯-এর আগে বিধাননগরের মেয়র ছিলেন সব্যসাচী দত্ত। তারপর সব্যসাচীকে সরিয়ে কৃষ্ণাকে মেয়র পদে নিয়ে আসে তৃণমূল। সব্যসাচী বর্তমানে বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান।
কৃষ্ণাকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘সম্পূর্ণ ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি।’ এরপরেই অবশ্য তার ব্যাখ্যা, ‘আমি যে ভাবে কাজ করছিলাম, সে ভাবে পারছিলাম না। বোর্ড মিটিং হচ্ছিল না, কাউন্সিলররা আসছিলেন না। আধিকারিকেরাও ব্যস্ত থাকছিলেন। আমি মানুষের সঙ্গে প্রতারণা করতে পারব না।’ তবে কাউন্সিলার হিসেবে তিনি দায়িত্ব পালন করে যাবেন বলে জানিয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তের লোক বলেই পরিচিত কৃষ্ণা। এদিন সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে কিছুটা আবেগপ্রবণ হয়ে কৃষ্ণা বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের মতো।’ বুধবারই তৃণমূল সূত্রে জানা যায়, কলকাতার মেয়র পদ ছাড়তে চেয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ জানান, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুমতি নিয়েই ওই সিদ্ধান্ত নিয়েছেন ফিরহাদ। যদিও ফিরহাদ নিজে এ নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি। বৃহস্পতিবার আরও একটি পুরসভারও নিয়ন্ত্রণ হারালো তৃণমূল।