বৃহস্পতিবার | ০৪ জুন ২০২৬

মার্কিন আইনসভায় ধাক্কা ট্রাম্পের, ইরান থেকে বাহিনী সরাতে নির্দেশ

 মার্কিন আইনসভায় ধাক্কা ট্রাম্পের, ইরান থেকে বাহিনী সরাতে নির্দেশ

ওয়াশিংটন, ৪ জুন : নিজের দেশেই এবার চাপের মুখে ট্রাম্প। এবার মার্কিন আইনসভায় জোর ধাক্কা খেলেন আমেরিকার প্রেসিডেন্ট। ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের ক্ষমতা ‘খর্ব’ করতে মার্কিন আইনসভায় প্রস্তাব পাশ হল। অবিলম্বে ইরান থেকে বাহিনী সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

            সূত্রের খবর, ২১৫-২০৮ ভোটে এই প্রস্তাব পাশ হয়। প্রস্তাবের পক্ষে সায় দিয়েছেন ২১৫ সদস্য। তাৎপর্যপূর্ণভাবে, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের এই ক্ষমতা ‘খর্ব’ করার বিষয়ে ডেমোক্র্যাটদের পাশে দাঁড়িয়েছেন ট্রাম্পের দলেরই চার সদস্য। আইনসভার নিম্নকক্ষে এই প্রস্তাব উত্থাপন করেছিলেন নিউ ইয়র্কের ডেমোক্র্যাট প্রতিনিধি গ্রেগরি মিক্স। তাঁর উত্থাপিত প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ২১৫টি। ২০৮ ভোট যায় বিপক্ষে। উল্লেখ্য চার জন রিপাবলিকান টমাস ম্যাসি, ব্রায়ান ফিজ়প্যাট্রিক, টম ব্যারেট এবং ওয়ারেন ডেভিডসন এই প্রস্তাবের পক্ষে সায় দিয়েছেন। তবে কী ট্রাম্পের নিজের দলেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে ক্ষোভ দানা বাঁধছিল? উঠেছে সেই প্রশ্ন।

            পশ্চিম এশিয়ায় ট্রাম্পের সামরিক অভিযানের বিরোধিতা করে আসছেন ডেমোক্র্যাটেরা। একই সঙ্গে দাবি জোরালো হচ্ছিল, ‘যুদ্ধবাজ’ ট্রাম্পের ক্ষমতা খর্ব করা হোক। মার্কিন আইনসভার উচ্চকক্ষ এব‌ং নিম্নকক্ষে সেই প্রস্তাব বার বার উত্থাপন করেছেন ডেমোক্র্যাটরা। অবশেষে নিম্নকক্ষে সেই প্রস্তাব পাশ হয়েছে। এবার উচ্চকক্ষেও এই প্রস্তাব পাশ করাতে হবে। সেখানে ভোটাভুটিতে জিতলে, তবেই পরবর্তী পদক্ষেপ কী হতে পারে তার আন্দাজ পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *