দশমীর মাঝরাতে
বাসব মৈত্র
১.
দশমীর আড়ালে যে প্রান্তিক চুম্বন, শেষ পর্যন্ত তার ঘরবাড়ি বলতে ছিল ফাঁকা অথবা জনদরদী সব গলি। বিজয়ার সিঁদুরখেলা, আজই তো সুযোগ ছিল সোহিনীকে সিঁদুর পড়ানোর। যে চিঠি পর্যন্ত নেয়নি। সে পড়বে সিঁদুর!
রক্তে বর্ণে গোত্রে তোমার গৃহস্থালির কাঁচা হলুদ:
মা শয্যাশায়ী। ক্যান্সারের কত লতাপাতা। তুমি চিঠি নিয়ে গিয়েছিলে। সোহিনী গ্রিল থেকে ফিরিয়ে দেয় তোমায়। প্রান্তিক চুম্বন গাছের বাকলে কত মুখ রয়েছে রোদ্দুরের। কোথা থেকে এক বাইকের হাওয়া।
এসএসকেএমের বার্ন ইউনিট: কীভাবে ৩ তলার
গেটের সামনে বসে থাকে ফাঁকা চেয়ারে কালো কুকুর!! কোনো প্রতীক? কালভৈরবের বাহন!! বাইকের সম্মোহন বাড়ে রাত হলে। দশমীর আড়ালে যে প্রান্তিক চুম্বন সে চায় মূলস্রোতের জল।ওদিকে গঙ্গার ঘাট। ট্রলির ওপর দাঁড়িয়ে দুর্গা। বিজয়াতে মার মুখ কেমন— হলুদ আলোয় সে কান্না কিন্তু ভাসানের নাচ: সেলফিতে মেতেছে রূপ।গঙ্গার ঘাট। গঙ্গার জল। শ্মশানের মুখ দক্ষিণে।
২.
সেই আলো,
সেই আলো থেকে একটু দূরে। যেখানে প্রান্তিক চুম্বন চেয়েছে আরো সজল হতে। তুমি যেন যুগান্তর অঞ্জন। গাছ নয়। এখানে সবুজ পাতারা ঘর গুছিয়ে উঠতে গিয়ে জংলী জোনাকির তাড়ায় ভুলে গেছে প্রতিবেশী ট্রাম লাইনের গন্ধ। চেন খুলে সামান্য জলোচ্ছ্বাস।আর পিছন থেকে… না আমি যুগান্তর রূপা নই। তবু জংলা পাতার মায়ায়, বিসর্জনের ভাসানের নাচের যুবতী আলোয়, রেল লাইনের দুটো সমান্তরাল পাতের ফাঁকের ধৈর্যে, ছোটো ছোট দোকানের পিছনের সিগারেট আর মদের যুগলবন্দিতে তোমাকে দেখার সেই উচ্ছ্বাস। না আর হ্যাঁ— এর জটিলতায় আমাদের প্রান্তিক চুম্বন, সাত-আট বছরের কিশোর অথবা কিশোরী… বিধিবদ্ধ সতর্কীকরণ : পুরুষ পুরুষের হাত ধরে না।
৩.
এই ভাসান, এই ভাসানের মন্ত্র। মন্ত্র অর্থে ভাব।নিবেদন। প্রার্থনা। রাত দেড়টার গঙ্গার পারে দেখি: সেই প্রার্থনা ক্রমশ জলছ্বাস।অশ্রু সংবরণ করা যায় না। ভাসানের ঢাক: তুমি তো জানো কাকিমা মৃত্যুমুখে। এসএসকেএমের বার্ন ইউনিট। গঙ্গার জল, অন্ধকার আর আকাশ
পৌত্তলিকতার আচমন— কত শাস্ত্র। কত অধ্যয়ন।এক বীজমন্ত্র— এত শক্তি আসে কোথা থেকে!! কত সহস্র পুরোহিত ওই মন্ত্র জপে প্রাণপ্রতিষ্ঠা মায়ের, তুমি দেখছ গঙ্গায় দুর্গা প্রতিমা নয়, কাকিমার কাঠামো পড়ল জলে, এসএসকেএম তোমার প্রার্থনা: আয়ু দাও, আয়ু দাও। হাহাকার শুনেও শুনল না মাঝ রাতের অশ্বত্থ বট, বিগ্রহের ঘট। এ ভাসান মুদ্রায় তুমি টের পেলে : কাকিমা থাকবে না
কাকিমা চলে যাবে।
৪.
আগাম বিসর্জনের আশঙ্কায়,মদ এনে দিলে তুমি। এ দোকান। সে দোকান। বাইকে তুমি চকর মেরেছ কত ঘাট।দশমীতে ডিম ভাজা। ট্রাম লাইনের ওপর আমি শুধু বমি। তোমার হাত আমার পিঠে।যন্ত্রণা কমুক। জল ছেটাচছ মুখে।
মদ তবু তর্কের দোসর।
তোমার তর্ক। আমার তর্ক।
যে বিরাট আধ্যাত্মিকতা এই প্রকৃতিকে জড়িয়েছে তুমি তার একটা ঘরানায় থিতু হতে চেয়ে উন্মাদ অন্ধকার আলোকে কয়েকটা সূত্রে ব্যাখ্যা দিয়েছ। আমিও তাই। মদ আসে। মদ দেয় সে সাক্ষ্য। বিগ্রহকে তুমি জুতো পরা অবস্থায় প্রণাম করতে গেলে।ছেলেটা খিঁচিয়ে উঠল।তুমি আমার দিকে তাকিয়ে বললে: মা।
মা কখনও সন্তানের ক্ষতি করে না।
আমি আসস্ত্ব প্রেমিক বাক্যে। হে মদ, এ চুম্বনকে আর প্রান্তিক রেখো না।
৫.
সেই চুম্বন আজও প্রান্তিক।
যতই তুমি ভূতনাথ,গঙ্গার ঘাটের জল ছেটাও।
যতই এক ঘটের জল মাথায় নিই দুজন।
পুরুষ পুরুষের হাত ধরেনা।এই মর্মান্তিক বাক্যের আড়ালে দেখো শাস্ত্রীয় সঙ্গীত ভৈরবী রাগে তার বিস্তার শুরু করে।
এরপর প্রতীক্ষায় থাকা সেই বাইকের।
আলিঙ্গন কালোত্তীর্ণ।