বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সকাল থেকে এখনও ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে
মাথা ফাটল বিজেপির পোলিং এজেন্টের
কলকাতা, ২৩ এপ্রিল- সকাল থেকেই শুরু হয়েছে প্রথম দফার ভোটগ্রহণ। বাংলার এই হাইভোল্টেজ নির্বাচনের প্রথম দফায় জেলায় জেলায় কিছু বিক্ষিপ্ত ঘটনাকে বাদ দিলে ১৬ জেলার ১৫২ টি আসনে ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণভাবেই। এদিন সকাল থেকেই জেলায় জেলায় ভোটারদের লাইন ছিল চোখে পড়ার মতো। সকাল ৯ টার মধ্যেই প্রথম দু’ঘণ্টায় ভোট পড়েছে ১৮.৭৬ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে, ২০.৫১ শতাংশ। বেলা ১ টা পর্যন্ত ভোট পড়েছে ৬২.১৮ শতাংশ। এই সময়ের মধ্যেও ভোটদানে এগিয়ে পশ্চিম মেদিনীপুর, ৬৫.৭৭ শতাংশ। বেলা ১১টা পর্যন্ত ১৫২ টি বিধানসভায় মোট ২০৭টি অভিযোগ জমা পড়েছে কমিশনের কাছে। এর মধ্যে ১২৪টি অভিযোগ বিভিন্ন রাজনৈতিক দলের। বাকি অভিযোগ সাধারণ ভোটারের।
এই ভোটগ্রহণ পর্বের মধ্যেও কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। লাভপুর বিধানসভার ভ্রমরকল এলাকায় বিজেপির পোলিং এজেন্টের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিশ্বজিৎ মণ্ডল নামে ওই বিজেপি কর্মীর মাথা ফেটে যায় বলে দাবি করা হয়েছে, এবং এই ঘটনার জন্য তৃণমূলকেই দায়ী করা হয়েছে।কোচবিহারের মাথাভাঙায় বিজেপির বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তৃণমূল, যার জেরে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল প্রার্থী সাবলু বর্মণের অভিযোগ, ৪৭ ও ৪৮ নম্বর বুথের ৫০ মিটারের মধ্যে বসে বিজেপি প্রার্থী নিশীথ প্রমাণিক ভোটারদের প্রভাবিত করছেন, টাকা বিলি ও জল বিতরণ করা হচ্ছে। যদিও এই অভিযোগ অস্বীকার করে নিশীথ দাবি করেন, পরিকল্পিতভাবে ওই বুথে বিজেপিকে হারানোর চেষ্টা চলছে।
কুমারগঞ্জে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে শাসানি ও মারধরের ঘটনার বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি প্রার্থীকে মারধরের ঘটনায় যারা জড়িত, যাদের ছবিতে দেখা গিয়েছে, তাদের দ্রুত গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ভোটের প্রথম গ্রেফতারির নির্দেশ কমিশনের। মুর্শিদাবাদ জেলার নওদার শিবনগর এলাকায় হুমায়ুন কবীর বেরোনোর চেষ্টা করলে তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। পাশাপাশি তাঁর কনভয়ের একটি গাড়িতে ভাঙচুর করা হয় এবং পোলিং এজেন্টের গাড়িতে ইট ছোড়ার অভিযোগও উঠেছে। আরও অভিযোগ, হুমায়ুনের গাড়ির সামনে বাঁশ ফেলে পথ আটকে দেওয়ার চেষ্টা করা হয়। দীর্ঘ সময় ধরে উত্তেজনা চলার পর কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং শেষে হুমায়ুন ঘটনাস্থল ছাড়তে সক্ষম হন। এই ঘটনায় রিপোর্ট তলব করল কমিশন।
ভোটের সকালেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, উত্তরবঙ্গ, জঙ্গলমহল সাফ হয়ে গিয়েছে। ১৫২টি আসনের মধ্যে ১২৫টি পাবে বিজেপি।
বৃহস্পতিবার সকাল সকাল ভোট দিয়েছেন শুভেন্দু অধিকারী। ভোট দেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর। ভোট দেন বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল। ভোট দিলেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। বালুরঘাট বিধানসভার ৪৮ নম্বর বুথ, বালুরঘাট প্রাচ্য ভারতি বিদ্যাপীঠে সস্ত্রীক ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও।
বেলা ১টা পর্যন্ত কোন জেলায় কত ভোট পড়ল
গড় ভোট ৬২.১৮ শতাংশ
মুর্শিদাবাদ – ৬২.৭১ শতাংশ
মালদহ- ৫৮.৪৫ শতাংশ
পুরুলিয়া – ৫৯.৮৩ শতাংশ
পশ্চিম বর্ধমান – ৬০.৩৭ শতাংশ
পশ্চিম মেদিনীপুর – ৬৫.৭৭ শতাংশ
পূর্ব মেদিনীপুর – ৬২.৯০ শতাংশ
ঝাড়গ্রাম – ৬৫.৩১ শতাংশ
উত্তর দিনাজপুর – ৬০.০০ শতাংশ
কালিম্পং – ৫৯.৫২ শতাংশ
আলিপুরদুয়ার – ৬০.০৩ শতাংশ
বাঁকুড়া – ৬৪.৫৮ শতাংশ
বীরভূম – ৬৩.৯৩ শতাংশ
দক্ষিণ দিনাজপুর – ৬৩.০৫ শতাংশ
কোচবিহার – ৬০.৭৫ শতাংশ
দার্জিলিং – ৫৯.৮১ শতাংশ
জলপাইগুড়ি – ৬০.৮৪ শতাংশ