মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬

গঙ্গাসাগর মেলায় এবারই প্রথম পুণ্যার্থীদের জন্য কপ্টার পরিষেবা

 গঙ্গাসাগর মেলায় এবারই প্রথম পুণ্যার্থীদের জন্য কপ্টার পরিষেবা

নিজস্ব সংবাদদাতা- বাংলায় পালাবদলের পর আসন্ন গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের যাতায়াতে এবারই প্রথম পশ্চিমবঙ্গ সরকার হেলিকপ্টার পরিষেবা চালু করছে। সাগরে মেলার প্রস্তুতি নিয়ে পর্যালোচনা বৈঠকের পর এমনই জানিয়েছেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল।
মুখ্যসচিব বলেন, এই পরিষেবায় ৮ থেকে ১০টি হেলিকপ্টার ভাড়া খাটবে। পুণ্যার্থীরা সিট পিছু বুকিং করে এখানে আসতে পারবেন। এই ব্যাপারে যথাযথ প্রচারও করা হবে। সকালে এসে পুজো দিয়ে বিকেলে ফিরে যেতে পারবেন তাঁরা। জল ও স্থলপথের পর এবারই প্রথম আকাশপথেও গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের আসার এই বিশেষ আয়োজন করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সুতরাং, দেশ-বিদেশ থেকেও যাঁরা হাতে কম সময় নিয়ে গঙ্গাসাগর একবার ঘুরে আসতে চান, তাঁদের জন্য এই পরিষেবা অনেকটাই সুবিধা দেবে বলে তিনি জানান।
উল্লেখ্য, এতদিন কেবল আধিকারিক ও রোগী পরিষেবায় হেলিকপ্টার ব্যবহৃত হত। পশ্চিমবঙ্গের মুখ্যসচিব জানান, এবার গঙ্গাসাগর মেলা কুম্ভমেলার মতো করে তুলে ধরার চেষ্টা হচ্ছে। তিনি বলেন, সাগরমেলা আগে মানুষ যেমন দেখেছেন, এবার সেসবের সবকিছুই ছাপিয়ে যাবে। পুণ্যার্থীদের স্বাগত জানানোর জন্য বিশেষ ব্যবস্থা থাকবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। বাড়ানো হবে হোল্ডিং সেন্টার। অতিরিক্ত ভিড়ে তীর্থযাত্রীদের কোনও সমস্যা না হয়, তার জন্য বিভিন্ন পরিষেবার বন্দোবস্ত থাকছে।
পুণ্যার্থীরা সাগরমেলায় এসে এক সুন্দর অভিজ্ঞতা নিয়ে যাতে ফিরতে পারেন, তার সব রকম ব্যবস্থাই থাকছে। একসঙ্গে অনেক মানুষকে মুড়িগঙ্গা নদী পারাপারের সুবিধায় এবার বাড়তি বার্জ চালানোর পরিকল্পনা রয়েছে সরকারের। অন্যান্যবার চার-পাঁচটি বার্জ চালানো হত। এবারই ১৫ থেকে ২০টি বার্জ চালানোর কথাবার্তা চলছে বলে মুখ্যসচিব জানান।
বৈঠক সূত্রে জানা গিয়েছে, মুড়িগঙ্গা নদীর ড্রেজিং করার পর ওই চ্যানেলটিকে কীভাবে দীর্ঘস্থায়ী করা যায়, সেই বিষয়টিও বৈঠকে আলোচনা হয়। লট নম্বর-৮-এ অতিরিক্ত যাত্রীশেড বানানো হবে বলেও ঠিক হয়েছে। ডায়মন্ড হারবার থেকে কাকদ্বীপ পর্যন্ত ১১৭ নম্বর জাতীয় সড়কে অতিরিক্ত আলো লাগানোর ব্যবস্থা করা হচ্ছে। যানবাহনের চালকরা নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালাচ্ছেন কি না, সেই বিষয়েও বিশেষভাবে নজর দিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *