মানুষ-হাতি সংঘর্ষে ২৫ বছরে মৃত ২০০০
শিলিগুড়ি: জঙ্গল এলাকার পরিধি কমে আসতে পশ্চিমবঙ্গ, ভুটান এবং সিকিম জুড়ে মানুষ-হাতি সংঘর্ষ চরম পর্যায়ে পৌঁছেছে। বুনোদের হামলায় আড়াই দশকে প্রায় দু’হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। জখম হয়েছেন অন্তত তিনশোর বেশি। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রজেক্ট এলিফ্যান্ট বিভাগ এবং ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার যৌথ সমীক্ষায় উঠে এসেছে এমনই রোমহর্ষক তথ্য।
উত্তরবঙ্গ-সহ পার্শ্ববর্তী একটি রাষ্ট্র এবং সিকিমে ৩৬টি বন বিভাগের জঙ্গল ও সংলগ্ন এলাকা জুড়ে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রজেক্ট এলিফ্যান্ট বিভাগ এবং ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞ দল গত দু’বছর ধরে বিভিন্ন বিষয়ে সমীক্ষা চালিয়েছে। তারা মূলত সংঘর্ষ ও প্রাণহানির কারণ এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলি খতিয়ে দেখেছেন। অনুসন্ধানে ২০০০ সাল থেকে ২০২৫ সালের মধ্যে হাতির হামলায় ১,৭৬১ জনের মৃত্যুর ঘটনা উঠে এসেছে। ওই সময়কালে বুনো হাতির সামনে পড়ে জখম হয়েছেন ২৯৮ জন। জুন থেকে সেপ্টেম্বরে সবচেয়ে বেশি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই চার মাসে ৬৮৫টি সংঘর্ষের ঘটনা জানা গিয়েছে। শীতকালে এই সংখ্যা ছিল ৫৩৩টি, গ্রীষ্মে ৪৪৭টি এবং শরৎকালে ৩৬৫টি। এখানেই শেষ নয়।
কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রজেক্ট এলিফ্যান্ট বিভাগ এবং ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সমীক্ষা সূত্রে জানা গিয়েছে, মানুষ-হাতির সংঘর্ষ সবচেয়ে বেশি উত্তরের বনাঞ্চলে।
জলপাইগুড়ি বন বিভাগে ৫১টি, নিচু টন্ডুতে ৩৯টি, হায়হায় পথরে ৩৪টি এবং উঁচু টন্ডুতে ৩৩টি সংঘর্ষের ঘটনা জানা গিয়েছে। এছাড়াও আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়ায় ১৪১টি সংঘর্ষের ঘটনা জানা গিয়েছে। আটিয়াবাড়ি, ভাতখাওয়া, গঙ্গুটিয়া, দক্ষিণ লতাবাড়ি, মাদারিহাট, ফালাকাটার মতো এলাকাতেও বারবার হাতি-মানুষের সংঘর্ষ ঘটেছে। কিন্তু কেন উত্তরের জঙ্গল সংলগ্ন এলাকায় ক্রমশ বেড়েই চলেছে মানুষ-হাতি সংঘর্ষ?
বন দফতরের কর্তারা ওই বিষয়ে মুখ না খুললেও পরিবেশপ্রেমী অনিমেষ বসু বলেন, ‘এখন করিডর বলে কিছু নেই। হাতির চলাচলের পথ অনেক সঙ্কুচিত। ওই কারণে ওরা মারদাঙ্গা করে জায়গা খুঁজে নিতে বাধ্য হচ্ছে।’ অনিমেষবাবুর বক্তব্য যে অমূলক নয়, স্বীকার করছেন নিচুতলার বনকর্মীরা।
তাঁরা জানান, ভারত-নেপাল সীমান্তের মেচি নদী থেকে অসম সংলগ্ন সংকোশ নদী পর্যন্ত উত্তরবঙ্গের এলিফ্যান্ট রেঞ্জ। ওই রেঞ্জের উত্তরে ভুটান, পশ্চিমে নেপাল এবং দক্ষিণে বাংলাদেশ। এখানে রয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্প, জলদাপাড়া, গরুমারা, চাপরামারি, নেওরাভ্যালি ও মহানন্দা জঙ্গলের ১ হাজার ২৮৫ বর্গকিলোমিটার এলাকা। এটাই উত্তরের বুনো হাতিদের বিচরণক্ষেত্র। এখন এখানে সাত শতাধিক হাতির বসবাস। কিন্তু নিজেদের বসতি এলাকায় ওরা যে স্বচ্ছন্দে ঘুরে বেড়াতে পারছে, তেমন নয়।
অপরিকল্পিত নগরায়ণ, বসতি এলাকার সম্প্রসারণ, সড়ক নির্মাণ, বেড়ে চলা ছোট চা বাগান হাতির বিচরণক্ষেত্রকে টুকরো পকেটে পরিণত করে ছেড়েছে। ফলে বুনো হাতিরা সহজে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যাতায়াত করতে পারছে না। চলাচলের পথে বাধা পেয়ে মারমুখী হচ্ছে।