সোমবার | ২৩ নভেম্বর ২০২৬

খিদের জ্বালায় প্রথমবার লোকালয়ে অরণ্যবাসীরা

 খিদের জ্বালায় প্রথমবার লোকালয়ে অরণ্যবাসীরা

মারানহাও (ব্রাজিল): হাজার বছর ধরে গহন অরণ্যই ছিল তাঁদের বাসস্থান, সেই অরণ্য ছেড়ে এবার লোকালয়ে হাজির আদিবাসীরা। নেপথ্যে জঙ্গল মাফিয়া, জমিখেকোদের দাপট। তবে কি আধুনিক সভ্যতার আগ্রাসনে ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে উঠল পৃথিবীর অক্সিজেন আমাজনে?
প্রবল খাদ্যসংকটের জেরে সম্প্রতি জঙ্গল ছেড়ে লোকালয়ে এসে হাজির হলেন শিশু, মহিলা-সহ নগ্নদেহী ২০ জন আদিবাসী। লোকালয়ে এসে খাবার নিয়ে তাঁরা ফের জঙ্গলে ফিরে গেলেও এই ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, নিবিড় জঙ্গল ছেড়ে মানুষের সংস্পর্শে আসা এইসব আদিবাসীদের অস্তিত্ব ঝুঁকির মুখে পড়তে পারে। মানুষের সান্নিধ্যে আসায় ভয়ংকর অসুখে পড়তে পারেন তাঁরা। অনুমান করা হচ্ছে, ব্রাজিলে অরণ্যের এই দুর্দশার নেপথ্যে জঙ্গল মাফিয়া, অবৈধ অনুপ্রবেশের বাড়বাড়ন্ত। যা জঙ্গলের মানুষের জন্য ভয়াবহ আকার নিতে চলেছে।
জানা গিয়েছে, এই ঘটনা ঘটেছে ব্রাজিলের মারানহাও রাজ্যে। সম্প্রতি এখানে আমাজনের বর্ষাবনে বসবাসকারী ‘আওয়া’ সম্প্রদায়ের ২০ জন সদস্য জঙ্গল থেকে বেরিয়ে নিকটবর্তী এক গ্রামে এসে হাজির হন। সারভাইভাল ইন্টারন্যাশনালের মতে, এখানে একটি সরকারি দলের সঙ্গে দেখা হয় তাঁদের। সেখানে ‘সভ্য’ মানুষের থেকে খাবার নিয়ে ফের জঙ্গলে ফিরে যান তাঁরা।
জানা গিয়েছে, এঁরা গ্রামের মানুষদের থেকে ইয়াম (কন্দজাতীয় ফল) চেয়েছিলেন। সেগুলি নিয়ে তাঁরা জঙ্গলে ফিরে গেলেও বিপদ কাটছে না। আশঙ্কা করা হচ্ছে, মানুষের সংস্পর্শে আসা এই জনজাতিদের জন্য যথেষ্ট উদ্বেগের। বিজ্ঞানীদের মতে, আওয়া উপজাতি বিশ্বের সবচেয়ে বিপন্ন আদিবাসী সম্প্রদায়গুলির অন্যতম। এই গোষ্ঠীর সদস্যরা শিকার ও বনের ফলমূল খেয়ে জীবনধারণ করেন।
আমাজনের জঙ্গলই তাঁদের খাদ্য, আশ্রয় ও দৈনন্দিন চাহিদার প্রধান উৎস। সভ্য সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এই জনজাতি। তবে এই মানুষগুলি বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকলেও লোভী সভ্যতার আগ্রাসন ধীরে ধীরে পৌঁছে গিয়েছে এঁদের দুয়ারে। অবৈধভাবে গাছ কাটা, শিকার এবং গবাদি পশুর জন্য জমি দখল—এই সবই এই জনজাতির ঐতিহ্যবাহী আবাসস্থলের ব্যাপক ক্ষতি করেছে। মারানিয়াওয়ের আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী সংগঠন কোয়াপিমার মতে, সাম্প্রতিক সময়ে এই জনজাতির শারীরিক অবস্থা ঝুঁকির মুখে। দলের কিছু সদস্য, বিশেষ করে শিশু ও বয়স্কদের মারাত্মক অপুষ্টিতে ভুগতে দেখা গিয়েছে। অনুমান করা হচ্ছে, খাদ্যসংকটের জেরেই জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে এসেছেন এই আদিবাসীরা। এভাবে সাধারণ মানুষের সংস্পর্শে আসা এইসব মানুষদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুতর। দীর্ঘ বিচ্ছিন্নতার কারণে, বাইরের বিশ্বে প্রচলিত রোগগুলির বিরুদ্ধে তাঁদের শরীরে পর্যাপ্ত রোগ প্রতিরোধক্ষমতা নেই। ফলে সাধারণ সংক্রমণও এঁদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *