বিদেশযাত্রা ইস্যুতে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ অভিষেক
কলকাতা, ৭ আগস্ট– চিকিৎসা করাতে বিদেশে যাওয়া নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার কথা।
চোখের চিকিৎসা করানোর জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। কিন্তু বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ। কিন্তু শীর্ষ আদালত ফের সেই মামলাটি পাঠিয়ে দেয় হাইকোর্টে। কিন্তু গত ৫ আগস্ট বিচারপতি সৌগত ভট্টাচার্য তার নির্দেশে জানিয়ে দেন, কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করাতে যেতে হবে অভিষেককে। এমনকী এসএসকেএম হাসপাতালে একটি মেডিক্যাল বোর্ডে গঠন করে অভিষেকের চিকিৎসা করানোর জন্যেও তিনি নির্দেশ দেবেন বলে জানিয়ে দেন।
কিন্তু ভার্চুয়াল মাধ্যমে শুনানির সময়ে উপস্থিত থেকে অভিষেকের আইনজীবী জানান, তার মক্কেল যেহেতু আগে বিদেশে চিকিৎসা করাতে গিয়েছিলেন, তাই তিনি এখানে চিকিৎসা করাতে চান না। বিদেশেই যেতে চাইছেন। বিচারপতি তাতে সম্মত হননি। তিনি অভিষেককে কলকাতাতেই চিকিৎসা করাতে বলেন। এমনকী অভিষেকের বিরুদ্ধে যে মামলাগুলি চলছে সেই মামলায় অভিষেককে জেরা করার প্রয়োজন পড়লে কীভাবে তখন সাংসদ হাজিরা দেবেন সেই প্রশ্নও তোলেন বিচারপতি। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ফের শীর্ষ আদালতে গেলেন অভিষেক। বিষয়টিকে কটাক্ষ করে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ‘চিকিৎসা করানোই যদি উদ্দেশ্য থাকে তাহলে এখানেই সেটা করান। এজন্য বিদেশে যাওয়ার প্রয়োজন কী। তাহলে চিকিৎসা করানো উদ্দেশ্য নয়। বিদেশে পালাতে চাইছেন তিনি।’ পাল্টা কুণাল ঘোষ বলেন, ‘আদালতের নির্দেশ নিয়ে কিছু বলব না। তবে চোখের মতো একটা স্পর্শকাতর বিষয়। তার চিকিৎসা আগে যেখানে করিয়েছেন সেখানে তো যেতে চাইতেই পারেন।’