ওদের রাজনৈতিক কেরিয়ার শেষ, ঋতব্রত শিবিরকে নিশানা কুণালের
কলকাতা, ৭ আগস্ট- মুখ্যমন্ত্রীর সঙ্গে ঋতব্রত তৃণমূলের বিধায়কদের দেখা করার বিষয়টি নিয়ে এদিন তীব্র কটাক্ষ করলেন কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ। শুক্রবারই দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে প্রাতরাশ সারেন তৃণমূলত্যাগী এনসিপিআই সাংসদেরা। কটাক্ষের সুরে কুণাল বলেন, ‘বিজেপির বি-টিম গদ্দার নম্বর ১ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছিলেন, আর বি-টিমের গদ্দার নম্বর ২ দালালরা গেছিলেন নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে।’ দিল্লির বৈঠক প্রসঙ্গে কুণাল বলেন, ‘এনসিপিআই বর্তমানে সম্পূর্ণ দিশেহারা একটি দল। নিজেদের অস্তিত্ব রক্ষা এবং আইনি ও রাজনৈতিক সুরক্ষা নিশ্চিত করতেই তারা ফাঁদে পড়ে একের পর এক সিদ্ধান্ত নিয়ে চলেছে।’
বৈঠকে অংশ নেওয়া সমস্ত নেতার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যদ্বাণী করে কুণাল স্পষ্ট ভাষায় বলেন, ‘এদের সকলের রাজনৈতিক ক্যারিয়ার কার্যত শেষ হয়ে গেছে। এরা এলাকার সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। আগামী দিনে বাংলার মানুষের কাছে যখন এরা ভোটের দরবারে হাজির হবেন, তখন মানুষ এদের উপযুক্ত জবাব দেবে।’ তাৎপর্যপূর্ণভাবে আগে এনডিএ-র বৈঠকে হাজির না থাকলেও আজ প্রধানমন্ত্রীর বাসভবনের প্রাতরাশে হাজির ছিলেন বেসুরো তিন এনসিপিআই সাংসদ খলিলুর রহমান, আবু তাহের খান এবং ইউসুফ পাঠান। তাদের দাবি, রাজ্যে সংখ্যালঘুরা যেভাবে বঞ্চিত হচ্ছেন সেই কথাই প্রধানমন্ত্রীকে তারা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।