‘যেখানেই হাত দিচ্ছি, ধ্বংসলীলা’,চিকিৎসক দিবসে তৃণমূলকে নিশানা শুভেন্দুর
কলকাতা, ১ জুলাই- বুধবার বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবস উদ্যাপনের অনুষ্ঠানেও যোগ দেন শুভেন্দু অধিকারী। আর সেই অনুষ্ঠানে গিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন তিনি। স্বাস্থ্য ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের পাশাপাশি বামফ্রন্ট সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকেও স্মরণ করেন শুভেন্দু। জ্যোতি বসুর একটি বক্তৃতা উল্লেখ করে শুভেন্দু বলেন, ‘আমার মুখ্যমন্ত্রিত্বের বয়স এখনও দু’মাসও হয়নি। এই সময়ে দাঁড়িয়ে বিধানচন্দ্র রায়কে নিয়ে বলা প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর একটি কথা আমার মনে পড়ছে। আজ যখন এই রাজ্যের কাজ করতে যাচ্ছি, তখন পরিস্থিতিটা আরও বেশি করে প্রাসঙ্গিক হয়ে উঠছে।’ তিনি আরও বলেন, ‘প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন, ‘আমি যেখানেই কাজ শুরু করতে যাচ্ছি, সেখানেই দেখছি ডাক্তার বিধানচন্দ্র রায় আগেই তার সূচনা করে দিয়ে গিয়েছেন। আর আজকের মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে, আমি যেখানেই হাত দিচ্ছি, সেখানেই শুধু ধ্বংসলীলা দেখতে পাচ্ছি! এই দুটি ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়েই আমাকে পথ চলতে হবে।’
এদিন বিধাননগর মহকুমা হাসপাতালের নাম পরিবর্তন করে ‘বিধাননগর মাল্টি স্পেশ্যালিটি হাসপাতাল’ রাখা হয়। বিগত সরকারকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, ‘হাসপাতালগুলির অবস্থা আজ বেহাল। স্বাস্থ্য ভবন থেকে শুরু করে মেডিক্যাল কলেজগুলির করুণ দশা। তবে আমাদের সরকার আসার মাত্র দেড় মাসের মধ্যে ‘আয়ুষ্মান ভারত’-এর যৌথ চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং রাজ্যে এই পরিষেবা চালু করা হয়েছে।’ একই সঙ্গে ‘ভারতীয় ন্যায় সংহিতা’ প্রণয়নের ফলে সরকারি চিকিৎসকেরা এখন সম্পূর্ণ ভয়মুক্ত পরিবেশে চিকিৎসা করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।