শনিবার | ১৮ এপ্রিল ২০২৬

অশান্ত হরমুজ, তেলবাহী ট্যাঙ্কারে গুলি ইরানের নৌসেনার

 অশান্ত হরমুজ, তেলবাহী ট্যাঙ্কারে গুলি ইরানের নৌসেনার

তেহরান, ১৮ এপ্রিল : আমেরিকার বিরুদ্ধে এবার প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ তুলল ইরান। তাই ফের হরমুজ প্রণালী অবরোধ করার ঘোষণা করে ইরান। তার পরেই শনিবার হরমুজ় পেরোনোর সময় দু’টি পণ্যবাহী ট্যাঙ্কারকে নিশানা করে গুলি চালানো হয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, শনিবার সকালে হরমুজ় পেরোতে না পেরে ফিরে যায় চার ভারতীয় এবং দু’টি গ্রিক জাহাজ। ফলে ফের হরমুজ প্রণালীতে জটিলতা বাড়ল বলেই মনে করা হচ্ছে।

            এর আগে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন, বোঝাপড়ার বেশিরভাগ ক্ষেত্রেই সহমত হয়েছে আমেরিকা ও ইরান। কিন্তু তারপর ফের অশান্ত হরমুজ প্রণালী। শনিবার ব্রিটিশ সেনার তরফে জানানো হয়েছে, ইরানের ‘রেভলিউশনারি গার্ড’ দু’টি পণ্যবাহী ট্যাঙ্কারে গুলি চালিয়েছে। ঘটনাটি ওমানের উত্তর-পূর্ব উপকূল থেকে ২০ নটিক্যাল মাইল দূরে হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই ঘটনায় ট্যাঙ্কারে থাকা সকলেই সুস্থ আছেন বলে খবর। ইরানের সামরিক কমান্ড শনিবার বিবৃতিতে বলেছে, “যত ক্ষণ না ইরানে আগত সকল জাহাজের চলাচলের স্বাধীনতা আমেরিকা দিচ্ছে, তত ক্ষণ হরমুজ় প্রণালীর জাহাজ চলাচল কঠোর ভাবে নিয়ন্ত্রিত থাকবে।’’ ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই শনিবার একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, শত্রুদের আরও শোচনীয় ভাবে পরাস্ত করতে সে দেশের নৌবাহিনী প্রস্তুত রয়েছে।

            ব্লুমবার্গ-এর প্রতিবেদনে জলপথ পরিবহণের তথ্য উদ্ধৃত করে বলা হয়েছে, শনিবার সকালে ভারতের চারটি এবং গ্রিসের দু’টি জাহাজ হঠাৎই হরমুজ় থেকে ফিরে যায়। কেন জাহাজগুলি নির্ধারিত যাত্রাপথ এড়িয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল, তা অবশ্য স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *