তৃণমূল নেতার জমি খুঁড়ে বস্তা বস্তা টাকা উদ্ধার, চাঞ্চল্য বাদুড়িয়ায়
বাদুড়িয়া, উত্তর চব্বিশ পরগনা, ২৭ মে- পাটখেতে মাটি খুঁড়তেই কাঁড়ি কাঁড়ি টাকা। আর সেই টাকার মালিক এক তৃণমূল নেতা। মঙ্গলবারই গ্রেফতার করা হয় উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে। তাকে নিয়েই এদিন তদন্তে নামে পুলিশ, আর সেখানে দীপঙ্করের দেখানো জমি থেকে উদ্ধার হয়েছে বস্তা বস্তা টাকা। স্থানীয় মানুষজনও ভিড় করেন সেখানে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোটি কোটি টাকা লুকনো ছিল ওই জমিতে।
সোমবার গভীর রাতে দীপঙ্কর ভট্টাচার্যের অফিস ও বাগানবাড়িতে তল্লাশি চালানো হয়। সেই তল্লাশিতেই উদ্ধার হয় প্রায় ৪ হাজার সরকারি ত্রিপল। অভিযোগ, দুর্যোগে বিপন্নদের জন্য বরাদ্দ ত্রিপল অবৈধভাবে মজুত করে রেখে ছিলেন বাড়িতে। গ্রেপ্তার হওয়ার সময়ই তল্লাশি চালিয়ে ৮০ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। আদালতের নির্দেশে পুলিশ হেফাজতে রাখা হয় তাকে। পুলিশ এদিন বেলায় ওই তৃণমূল নেতাকে নিয়ে তার বাড়ির এলাকায় তদন্তে গিয়েছিলেন।
চেয়ারম্যানের বাড়ির কাছেই রয়েছে পাটখেত। সেখানে বুধবার মাটির মধ্যে বস্তা দেখতে পাওয়া যায়। আর তখনই পুলিশে খবর দেন স্থানীয়রা। দীপঙ্কর ভট্টাচার্যকে নিয়ে অকুস্থলে তদন্তকারীরা হাজির হন। বস্তা কোথায় রাখা রয়েছে? সেটি দেখিয়ে দেন ওই ধৃত নেতা। এরপরই মাটি খোড়ার কাজ শুরু হয়। এক এক করে মিলতে থাকে বস্তা, ট্রলি ব্যাগ। প্রত্যেকটির ভিতরেই নোটের বান্ডিল ঠাসা অবস্থা দেখতে পাওয়া যায়। এছাড়াও অনেক বস্তায় গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। কোথাও আর কী রয়েছে, জানার জন্য পুলিশ এলাকায় দ্রোনও ওড়ায়। বসিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে এলাকায় বাহিনীও আসে। ওই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
আবার তোলবাজির অভিযোগে উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় তৃণমূল নেতা তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অজিত সাহা গ্রেফতার হয়েছেন। তার বাড়ি থেকে ১৪৩ রাউন্ড ৭ এমএম পিস্তলের গুলি, ৬০ রাউন্ড খালি কার্তুজের খোল, ৫১৭ রাউন্ড গুলি এবং নগদ ২৭ লক্ষ টাকা উদ্ধার হয়েছে পুলিশ সূত্রে খবর। গ্রেফতার হয়েছেন অজিতের ভাই সুজিত সাহাও।