দলবিরোধী মন্তব্যের জন্য পাঁচ মুখপাত্রকে শোকজ তৃণমূলের
কলকাতা, ৮ মে– বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরেই গৃহযুদ্ধে বিদ্ধ তৃণমূল কংগ্রেস। একের পর এক নেতা প্রকাশ্যে দলের নীতির বিরুদ্ধে সরব হচ্ছেন। তাতে দলের অন্দরে অস্বস্তি আরও বেড়েছে। এবার সেই ক্ষোভকে কড়া হাতে দমন করতে তৎপর হল জোড়াফুল শিবির। দলবিরোধী মন্তব্যের অভিযোগে পাঁচ মুখপাত্রকে শোকজ করল তৃণমূল।
দলের শৃঙ্খলারক্ষাকারী কমিটির অন্যতম সদস্য ডেরেক ও’ব্রায়েনের সই সম্বলিত নোটিস পৌঁছে গিয়েছে এই পাঁচজনের কাছে। এরা হলেন ঋজু দত্ত, কৃষ্ণেন্দু চৌধুরী, কোহিনুর মজুমদার, পাপিয়া ঘোষ এবং কার্তিক ঘোষ। তাঁদের প্রত্যেককেই চব্বিশ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। বিধানসভা নির্বাচনে মাত্র ৮০টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। আর ২০৭টি আসন গিয়েছে বিজেপির ঝুলিতে। তৃণমূলের এই নির্বাচনী বিপর্যয়ের পরেই মুখ খুলতে শুরু করেন দলের একাধিক নেতা, প্রাক্তন বিধায়ক এবং বেশ কয়েক জন মুখপাত্র। সরাসরি দলের শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তাদের অনেকেই। সেই ক্ষোভ সামাল দিতে কড়া অবস্থানে হাঁটতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচ মুখপাত্রকে শোকজ পাঠানো সেই পদক্ষেপেরই অঙ্গ।
সূত্রের খবর, নোটিস পেলেও কোনওভাবে দমে যাওয়ার পাত্র নন এই নেতারা। কী উত্তর দেবেন দলকে তাও আগে থেকেই ঠিক করে রেখেছেন। দু’জনের জবাবি চিঠিও তৈরি হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। দীর্ঘ চিঠিতে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা ভোটের বিপর্যয় তৃণমূলের ভিতকে কতটা নাড়িয়ে দিয়েছে, এই শো-কজ পর্ব তারই প্রমাণ। একদিকে যখন কলকাতার রাজপথে বিজেপির বিজয় উৎসব এবং শপথের প্রস্তুতি তুঙ্গে, অন্যদিকে তখন কালীঘাটের অন্দরে শুরু হয়েছে দায় ঠেলাঠেলি আর কোন্দল। বিদ্রোহীদের জবাবি চিঠির পর শৃঙ্খলারক্ষাকারী কমিটি তথা দলের শীর্ষ নেতৃত্ব কী সিদ্ধান্ত নেয় সেটাই এবার দেখার।