দিল্লির নজর এখন বাংলায়! আজ শাহের বৈঠকেই ঠিক হতে পারে মুখ্যমন্ত্রী
Amit Shah: কলকাতায় শাহ
অনলাইন ডেস্ক কলকাতা: বাংলার রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিনের আগে তুঙ্গে জল্পনা। কলকাতায় এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah। আর তাঁর উপস্থিতিতেই আজ চূড়ান্ত হতে পারে—বাংলায় বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী কে হচ্ছেন। ৮ মে বিকেলে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বৈঠকে বসবেন জয়ী বিজেপি বিধায়করা। রাজনৈতিক মহলের মতে, সেখানেই হতে পারে মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে শেষ সিদ্ধান্ত। আগামীকালের শপথগ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন অমিত শাহ।
দলীয় সূত্রে খবর, একাধিক সাংগঠনিক কর্মসূচি ও নতুন সরকারের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করেই আজ কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দর থেকে তিনি প্রথমে যান দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরে। সেখানে পুজো দেওয়ার পর নিউটাউনের একটি বিলাসবহুল হোটেলে পৌঁছে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। আজ রাত তিনি কলকাতাতেই থাকবেন। আগামীকাল নতুন মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকবেন তিনি।
২৫ বৈশাখের সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বসতে চলেছে বিজেপি সরকারের শপথগ্রহণের মহামঞ্চ। সকাল ১১টা নাগাদ শুরু হবে অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী Narendra Modi, অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের। এছাড়াও বিজেপি শাসিত প্রায় ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে সূত্রের দাবি।
ইতিমধ্যেই ব্রিগেড চত্বরে শুরু হয়ে গিয়েছে জোরকদমে প্রস্তুতি। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। শুধুমাত্র নিরাপত্তাকর্মী ও অনুষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিদেরই মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। ভিতরে তৈরি হচ্ছে একাধিক বিশাল হ্যাঙার, যার মধ্যে মূল মঞ্চ তৈরি হচ্ছে সামনের অংশে। অতিথিদের প্রবেশপথ, বিধায়কদের বসার ব্যবস্থা, শপথের প্রক্রিয়া—সব কিছুই শেষ মুহূর্তে খতিয়ে দেখছেন প্রশাসনিক আধিকারিকরা। ইতিমধ্যেই ব্রিগেডে পৌঁছে গিয়েছেন কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা। অমিত শাহ শহরে পৌঁছে যাওয়ার পর এখন অপেক্ষা শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের। সব মিলিয়ে ঐতিহাসিক শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে এখন তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা।