প্রোটেম স্পিকার হিসেবে শপথ তাপস রায়ের, বুধ ও বৃহস্পতিবার বিধায়কদের শপথগ্রহণ
কলকাতা, ১২ মে– বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিলেন তাপস রায়। মঙ্গলবার বিকেলে পশ্চিমবঙ্গের লোকভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আর এন রবি। আগামীকাল অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার বাকি বিধায়কদের শপথ হবে বিধানসভায়। শুক্রবার স্পিকার নির্বাচন হওয়ার কথা শোনা যাচ্ছে।
প্রোটেম স্পিকারের শপথগ্রহণে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সকালে তিনি অসমের মুখ্যমন্ত্রী হিসাবে হিমন্ত বিশ্বশর্মার শপথগ্রহণে হাজির ছিলেন। সেখান থেকে কলকাতায় ফিরেই সোজা চলে যান লোক ভবনে। ছিলেন রাজ্যের কয়েক জন মন্ত্রী এবং হবু বিধায়কও। আজ শপথ নিতে যাওয়ার আগে তাপস রায় বলেন, অবশ্যই একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। এবার থেকে বিধানসভা ঠিকমতো পরিচালিত হবে।
বাংলায় মোট ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে রয়েছে। এর মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুটি আসনে নির্বাচিত হয়েছেন। আবার আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরও দুটি আসনে জয়ী হয়েছেন। ফলে বুধবার এবং বৃহস্পতিবার মোট ২৯০ জন বিধায়ক শপথগ্রহণ করবেন।
অন্যদিকে, নারী ও শিশুকল্যাণ দপ্তরের দায়িত্ব নিয়েই আজ রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা জানিয়েছেন, বাংলায় মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করাই তার প্রথম কাজ হবে। দল-মত নির্বিশেষে মহিলাদের উপর অত্যাচারের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। তিনি বলেন, ‘৮ টার পর মহিলারা বাইরে বেরতে পারবে না, সেই দিন শেষ হয়ে গিয়েছে। এতদিন মহিলাদের নির্যাতনের ঘটনায় থানায় গেলেও এফআইআর নেওয়া হত না। কিন্তু বর্তমানে সেই সব চলবে না। মহিলাদের উপর নির্যাতনের ঘটনায়, জিরো এফআইআর করা হবে। এতদিন তৃণমূলের পতাকা হাতে থাকলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হত না। কিন্তু বর্তমানে তা আর হবে না। দল-মত নির্বিশেষে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’