মঙ্গলবার | ১৪ জুলাই ২০২৬

কবিতা-নিজেকে

 কবিতা-নিজেকে

বাসব মৈত্র

এবার একটা গিটার কিনব। অশ্বমেধ যজ্ঞের ঘোড়ার মতন হে অন্তহীন সময়
কপালে রাজটিকা পড়াবে না? গিটার— গান শিখব— জি মাইনর। ক্যামেরা— আমি নিজেই তুলব ছোট দৃশ্য— প্রকৃতি আমায় ক্ষমা করো।তোমার রূপে মধ্যে কোথাও একটা প্রেমের গল্প ছিল।আমি সেই বিষণ্ণতাকে আর চাইনা।
দুপুর অথবা ভোরের কলকাতা— আমার কেউ নেই।এবার একা বাঁচব।বাইক চালাবো। সিনেমা দেখব একা নটি বিনোদিনীতে।
একা বাঁচব।বহুদিন আমি বন্ধু, প্রেমিকার কাছে হোয়াটসয়াপে রিকোয়েস্ট পাঠিয়েছি, কল করেছি : দেখা করবে আজ!!!
তাদের নিজস্ব সংসার ছিল আমি বুঝিনি সেদিন।আজ বুঝেছি।আজ আমি একা বাঁচব। গঙ্গার ধারে বেড়াব একা। ট্রেন লাইন দেখব। রাতের কলকাতা দেখব। ফুচকা খাব। প্রোগ্রাম দেখতে যাব একা নচিকেতার। গিটার কিনে অনলাইনে শিখব, যে টুকু পারি। আজ আর কোনও বন্ধু নয়, প্রেম নয়— দেখব পাইক পাড়ায় সেই ভাঙা বাড়ি, যাকে বিভূতিভূষণের বাড়ি বলে ডাকি। দেখব ছোটবেলার প্রাইমারি স্কুল— আদর্শ শিশু নিকেতন, দেখব পুরোনো স্কুলের সামনের পানা পুকুর, দেখব সবুজ আইডেন্টিটি কার্ড। আজ একা একা ঘুরব বউবাজার, পার্কস্ট্রীট।
আজ একার মধ্যে একা চক্কর কাটব।
ইন্ডাকশনে বৃষ্টির খিচুড়ি, বানাব রবিবারের চিকেন— শিখে নিতে হবে রান্না। নিজেকে শেখাব বাজার করতে, চিনে নিতে হবে বাটা, পারশে, সর্ষে ইলিশ কাঁচা লঙ্কা দিয়ে খাবো একা।
খেলা দেখব, নাচব, সিনেমার অন্ধকার প্রেক্ষাগৃহ আমার জীবনে গতি দাও
আমাকে একা বাঁচতে হবে।
আমার বন্ধুরা, আমার প্রেম, এই সব গোলবৃত্ত, এর সুখ দুঃখ বড় এক ঘেঁয়ে।
এবার দোল খেলব একা, নাটক দেখব একা, আবিরে আবির হে জীবন তুমি একাকীত্ব বেছে নাও। বন্ধু অথবা প্রেম— এদের প্রত্যেকের নিজস্ব সংসার আছে।
তুমি তৃতীয় ব্যক্তি। ওদের সংসারের কেউ না। তুমি, নিজের সাঁতারে নিজে মুগ্ধ থাকো।
অম্লান দত্ত পড়োনি? শোনোনি প্রেম ও বন্ধুত্বের বাদাম আলাদা?
বৃষ্টির রাতে হলুদ হ্যালোজেন-এর গল্প শোনো।ঘরের দরজাটা খুলে দাও। শোনো কিশোর কুমার। সঘন গহন রাত্রি।
ট্রামে চড়ো দুপুরে। কলেজ স্ট্রীটের বইয়ের দোকানে দোকানে ঢুঁ মারো
বই, নিজের লাইব্রেরিতে বোসো, ব্ল্যাক কফি নাও, সিগারেট। ওয়াইন নাও।
নিভৃতে শোনো অঞ্জন সুমনের গান।
প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *