মোথাবাড়ি কান্ডে সুজাপুরের তৃণমূল বিধায়ককে ছয় ঘন্টা জেরা এনআইএ-র
কলকাতা, ২৩ নভেম্বর– ঋত তৃণমূলের বিরুদ্ধে এবার বিষ্ফোরক অভিযোগ তুললেন মালদহের সুজাপুরের তৃণমূলে বিধায়ক সাবিনা ইয়াসমিন। মোথাবাড়িতে বিচারকদের উপর হামলার ঘটনায় সাবিনাকে আজ তলব করে এনআইএ। তলব পেয়ে সোমবার স্বামীকে নিয়ে এনআইএ দপ্তরে হাজির হন তিনি। প্রায় ৬ ঘণ্টা ধরে তাকে জেরার মুখে পড়তে হয়। সেই জেরার পরেই বাইরে বেরিয়ে এসে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলেন এই বিধায়ক। তিনি বলেন, ‘মমতা তৃণমূল বা গণতান্ত্রিক তৃণমূল বলে কিছু নেই। আমি তৃণমূলের বিধায়ক। জোড়াফুল প্রতীকে জিতে এসেছি।’ তার অভিযোগ, ঋতব্রত তৃণমূলের হয়ে নথিতে সই না করার কারণেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কটাক্ষের সুরে তিনি বলেন, ‘চিরদিন কাহারও সমান নাহি যায়।’ পাশাপাশি তিনি জানিয়ে দিয়েছেন, তদন্তের স্বার্থে তাকে যদি আবার এনআইএ তলব করে তিনি একশো শতাংশ সহযোগিতা করবেন।
পশ্চিমবঙ্গে এসআইআর পর্ব চলাকালীন গত ১ এপ্রিল উত্তপ্ত হয়ে ওঠে মালদহের কালিয়াচকের মোথাবাড়ি এলাকা। সমস্ত নথি থাকা সত্ত্বেও নাম বাদ দেওয়া হচ্ছে, এই অভিযোগে বিডিও অফিসের ভিতরে এসআইআরের কাজে নিযুক্ত বিচারকদের ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয়। এছাড়াও ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। বিচারকদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় তাদের গাড়িতেও হামলার ঘটনা ঘটে। মহিলা বিচারক-সহ অন্যান্য বিচারকদের হেনস্তার ঘটনায় তদন্তভার হাতে নেয় এনআইএ। মোথাবাড়ি কাণ্ডে মোট ১২টি মামলা দায়ের করা হয়েছিল। তার মধ্যে দু’টি মামলার মধ্য়ে একটি মামলায় ২২ জনের বিরুদ্ধে। আর একটি মামলায় ১ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে এনআইএ। প্রথম মামলায় ৫৪ পাতা ও দ্বিতীয় মামলায় ১১ পাতার চার্জশিট পেশ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযোগ আনা হয়। এর মধ্যে খুনের চেষ্টা, সরকারি কর্মীর উপর হামলা, হেনস্তা, সরকারি কর্মীকে কর্তব্য পালনে বাধা দেওয়া, বেআইনিভাবে আটকে রাখা, সরকারি কাজে বাধা দান-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। অভিযুক্ত হিসেবে ২৩ জনকে দেখানো হয় চার্জশিটে। মোথাবাড়িতে অশান্তির ঘটনার নেপথ্যে প্রাক্তন মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তার স্বামীর বিরুদ্ধে মদতের অভিযোগ উঠেছিল। তার ভিত্তিতেই তলব করা হয় বিধায়ক ও তার স্বামীকে।
সোমবার এনআইএ দপ্তরে ঢোকার মুখে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ঘটনার দিন ওই এলাকা দিয়ে তিনি যাচ্ছিলেন। সেই সময়ে গাড়ি থামিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। সুজাপুরের বিধায়কের কথায়, ‘ভোটের মুখে দলীয় অনুষ্ঠান সেরে ফেরার পথে জাতীয় সড়কে অশান্তির ঘটনা দেখে গাড়ি থামিয়ে জমায়েত হটানোর চেষ্টা করেছিলাম। সব ভিডিও আছে। আমার স্বামী সেদিন ঘটনাস্থলে ছিলেনই না।’ ঋত শিবিরকে যেভাবে কটাক্ষ করেছেন সাবিনা তার পাল্টা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের চেয়ারম্যান অরূপ রায়কে সিবিআই ডেকেছে। তিনি গিয়েছেন। কেন্দ্রীয় এজেন্সি ডাকলে তো তদন্তের স্বার্থে যেতেই হবে।’