সোমবার | ০৮ জুন ২০২৬

তার সিদ্ধান্ত মানতে হবে নেতানিয়াহুকে, ইজরায়েলের উদ্দেশ্যে কড়া বার্তা ট্রাম্পের

 তার সিদ্ধান্ত মানতে হবে নেতানিয়াহুকে, ইজরায়েলের উদ্দেশ্যে কড়া বার্তা ট্রাম্পের

ওয়াশিংটন, ৮ জুন : ইরান ইস্যুতে আমেরিকা যা সিদ্ধান্ত নেবে সেটাই মেনে নিতে হবে ইজরায়েলকে, এবার এই বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে সংঘাতের বিষয়ে তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তিনিই এই সংঘাতের চালিকাশক্তি। আমেরিকার সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে আর কোনও পথ নেই বলেও জানিয়ে দিয়েছেন ট্রাম্প।

            রবিবার রাত থেকে পশ্চিম এশিয়ায় ফের উত্তাপ বেড়েছে। নতুন করে সংঘাতে জড়িয়ে পড়েছে ইজরায়েল এবং ইরান। লেবাননে ইজ়রায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইরান রবিবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে নেতানিয়াহুর দেশে। গত এপ্রিলে সংঘর্ষবিরতির পর এই প্রথম ইরান সেখানে প্রত্যাঘাত করল। তারপর সোমবার সকালে ইরানে পাল্টা হামলা চালায় ইজরায়েলি বাহিনী। তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায় রাজধানী তেহরানে। এই পরিস্থিতিতে দুই দেশের সংঘাত অবিলম্বে থামাতে চান আমেরিকার প্রেসিডেন্ট নেতানিয়াহুর সঙ্গে সে বিষয়ে কথাও বলেছেন তিনি।

            ফোনে একটি সংবাদমাধ্যমকে ট্রাম্প বলেছেন, ‘ওঁর (নেতানিয়াহুর) কোনও উপায় নেই। আমি সব সিদ্ধান্ত নিই। উনি নেন না।’ ট্রাম্প দাবি করেছেন, ইরানে যাতে কোনওভাবে নতুন করে হামলা না চালানো হয় সেজন্য নেতানিয়াহুকে নির্দেশ দিয়েছেন তিনি। ইরানের সঙ্গে আমেরিকার সমঝোতা চুক্তি যেহেতু প্রায় শেষ পর্যায়ের রয়েছে তাই এই পরিস্থিতিতে নতুন কোনও সংঘাত চাইছেন না ট্রাম্প। ইরানের হামলা বিশেষ কোনও প্রভাব ফেলবে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘কী ভাবে এই সংঘাত শেষ হয়, দেখা যাক। তবে চুক্তিতে এটা কোনও প্রভাব ফেলবে না। ইজ়রায়েলে ইরান যে হামলা চালিয়েছে, তা একেবারেই জোরদার নয়। তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। বছরের পর বছর ধরেই এমন হামলা চলে আসছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *