নতুন করে বন্যার আশঙ্কা নেই, জানাল নেপালের বন্যা পূর্বাভাস বিভাগ
কাঠমান্ডু, ২৭ আগস্ট : ভয়াবহ হড়পা বানে বিধ্বস্ত নেপাল। ফের নতুন করে বান আসতে পারে কিনা তা নিয়ে বুধবার থেকেই আশঙ্কা শুরু হয়েছে নেপাল জুড়ে। তবে এমন কোনও সম্ভাবনা নেই বলে জানাচ্ছে নেপালের বন্যা পূর্বাভাস বিভাগ। তাদের বক্তব্য, বিপর্যস্ত এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। তার জেরে নদীর জলস্তর সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে রাসুয়া এবং নুয়াকোটে নতুন করে বড়সড় কোনও বন্যার সম্ভাবনা নেই।
বুধবার সকালের হড়পা বানের পর থেকে রাসুয়া ও নুয়াকোটেই সবচেয়ে বেশি দেহ উদ্ধার হয়েছে। কাদামাটির স্তূপের নীচে কত জন চাপা পড়ে রয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। নিহতের সংখ্যাটা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। বিপর্যয়ের ধাক্কা কাটিয়ে উঠে উদ্ধারকাজ শুরু হয়েছে। তবে এরই মধ্যে দুশ্চিন্তা বাড়তে শুরু করেছিল দ্বিতীয় দফায় হড়পা বানের আশঙ্কা নিয়ে। বুধবার যে হড়পা বান নেমেছিল ভোটেকোশী নদীতে, তার সঙ্গে নেমে এসেছিল প্রচুর কাদামাটির স্রোত।
বিপর্যয়ের পর থেকে নেপাল এবং তিব্বত মিলিয়ে প্রায় ১০০০ জনের কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না। তিব্বতের দিকে নিখোঁজ অন্তত ৫৫৮ জন। নেপালেও কমপক্ষে ৪৬৮ জনের সঙ্গে কোন যোগাযোগ করা যাচ্ছে না। নেপালে নিখোঁজ পর্যটকদের মধ্যে শতাধিক ভারতীয়ও রয়েছেন।