শুক্রবার | ২০ নভেম্বর ২০২৬

নোখ ও একটি বাইসেক্সুয়াল গল্প

 নোখ ও একটি বাইসেক্সুয়াল গল্প

বাসব মৈত্র

আমার প্রেমিকা কালো নোখ একদম দেখতে পারত না।
প্রতি সপ্তাহেই এই নিয়ে কোনো না কোনো দিন
অশান্তি।

আমার প্রেমিক আবার মঙ্গলবার
বৃহস্পতিবার
শনিবার নোখ কাটা
পছন্দ করে না।
হাত চেপে ধরে।

নোখ এমন একটা সৌন্দর্য যাকে কেউ কেউ জংলীও
বলে।

সোরিয়াসিস পেশেন্টের হাতের নোখটাই আসল।

চারজন ডাক্তার গোল হয়ে হাসপাতালে হাতের নোখ
পরীক্ষা করে চলেছে।
“কতদিন ধরে এই নোখটা
এরকম ভেঙে যাচ্ছে? আগে ডাক্তার দেখাননি?
বিবাহিত? টেনশন করেন? স্মোকিং একদম বন্ধ।
অ্যালকোহল চলবে না। শুনুন ,এটা জিন ঘটিত রোগ।কন্ট্রোল করা যায়।কিন্তু সারবে না।
বংশে কারও ছিল? মনে করুন তো “

হলুদ হয়ে এসেছে নোখ। প্রশ্ন শুনতে শুনতে।

যেন বসন্ত চলে যেতেই কেস জন্ডিস
পাণ্ডু,হলুদ বর্ণ জলাশয়

নোখটা কাটব,
ভাই নেলকাটার নিয়ে হাওয়া।

সারা বাড়িতে একটাই নেলকাটার?

ঝিরি ঝিরি বৃষ্টি,তুমি নোখটা কেটে দিয়ে যেতে
পারতে । কালী পুজোর আগে বলেছিলে,
কেটে দিয়ে যাবে।
তারপর টবিনরোডে কত জল জমল।
এপার্টি,সে পার্টি _আমাকে একটা চান্স দিন বলে ভোটের গল্প শেষ করল। হাতিবাগানের জলে
তবু বিস্তর নোখ ভাসছে।
পুরুষের নোখ।মহিলার নোখ।ট্রান্সজেন্ডার – এর নোখ।
শিক্ষকের নোখ। খুচরো ব্যবসায়ীর নোখ।

গেছে ৩ টে অমাবস্যা
৩ টে পূর্ণিমার পর আবার নোখের খোঁজ পড়েছে।
কোথায় ব্ল্যাকম্যাজিক হবে।

নতুন প্রেমিক তার প্রেমিকাকে ভাইফোঁটায় মামাবাড়ি যাবে বলে নতুন নেলপালিশ কিনে দিয়েছে।

একদিকে বৃষ্টি, একদিকে মদের গ্লাস
একদিকে খিচুড়ি,একদিকে মাছ ভাজা
একদিকে প্রুফ
আর তোমার ল্যাপটপ। নোখের ইতিকথা তবু শেষ হচ্ছে না।

নেলকাটার বারবার মনে করিয়ে দিচ্ছে
একটা সংসারে দু তিনটে নেল কাটার থাকা দরকার।

নেলকাটার বলছে: নোখটা কাটবে না?ও রেগে যাবে দেখলে।

প্রেমিক বলছে: আজ বৃহস্পতিবার। লক্ষ্মীবার।

আজ নোখ কেটো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *