সোমবার | ০৫ অক্টোবর ২০২৬

রাজ্যে চার বিমানবন্দর চালুতে মউ সাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর

 রাজ্যে চার বিমানবন্দর চালুতে মউ সাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর

কলকাতা অফিস, ৫ অক্টোবর- রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই একের পর এক কেন্দ্রীয় প্রকল্পে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। এবার সেই তালিকায় নয়া সংযোজন উড়ান ২.০ প্রকল্প। বাংলায় নতুন ৪টি বিমানবন্দর চালুর জন্য নবান্নে কেন্দ্র ও রাজ্যের মধ্যে মউ সাক্ষর হলো। আর সেখানেই ফের পূর্বতন তৃণমূল সরকারের সমালোচনায় সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতায় দ্বিতীয় বিমানবন্দরের জন্য জমি দেয়নি আগের সরকার। বর্তমানে বাংলায় বিমান পরিষেবা উন্নত করতে কেন্দ্র-রাজ্য একসঙ্গে কাজ করবে। কলকাতা থেকে সরাসরি ইউরোপ ও ইংল্যান্ডে বিমান চালানোর আর্জি জানান তিনি।

            এই মউ সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কিনজারাপু রামমোহন নাইডু। তিনি জানান, বাংলায় একাধিক বিমানবন্দর তৈরির পরিকল্পনা রয়েছে। ২ বছরের মধ্যে রাজ্যে ৮টি বিমানবন্দর তৈরি হবে। এর জন্য রাজ্যকে সম্পূর্ণ সহযোগিতা করবে কেন্দ্রীয় সরকার। বিমানবন্দরের জমি নিয়ে জটিলতা কাটাতে ও পরিকাঠামো উন্নয়নে রাজ্যের সঙ্গে কাজ করার বার্তা দেন তিনি। মন্ত্রী জানান, কেন্দ্র-রাজ্য সমন্বয়ে বিমানবন্দর উন্নয়নের কাজ হবে। রানওয়ে সংস্কার, টার্মিনাল বিল্ডিংয়ে নজর দেওয়া হবে। বিমানবন্দরের প্রযুক্তিগত দিক দেখবে কেন্দ্রীয় সরকার।

            কেন্দ্রের কাছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আর্জি, অযোধ্যা, তিরুপতি মন্দির-সহ অন্যান্য তীর্থক্ষেত্র বাংলার উড়ান পরিষেবার সঙ্গে যুক্ত করা হোক। শুধু অভ্যন্তরীণ পরিষেবাই নয়, আন্তর্জাতিক উড়ান নিয়েও গুরুত্বপূর্ণ আর্জি জানান তিনি। কলকাতা থেকে ইউরোপ ও ইংল্যান্ডে সরাসরি বিমান চালুর আবেদন জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও বাংলায় ফ্লাইং ট্রেনিং ইনস্টিটিউট তৈরিরও আবেদন জানান তিনি। রাজ্যে পালাবদলের পর পুরুলিয়ার ছররা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, আলিপুরদুয়ারের হাসিমারা সিভিল এনক্লেভ এবং পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডায় এই চারটি বিমানবন্দর নতুন করে চালু করার সিদ্ধান্ত নেন বিজেপি সরকার। গোটা বাংলাকে আকাশপথে জুড়তে নেওয়া হয় উদ্যোগ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে বালুরঘাট বিমানবন্দর ঘুরে দেখেছেন। দ্রুত এই বিমানবন্দর চালুর বিষয়ে প্রশাসনিক বৈঠক সেরেছেন। এমনকী রাজ্যের অন্যান্য মন্ত্রীরাও বাকি বিমানবন্দরগুলির পরিস্থিতি খতিয়ে দেখেন। মুখ্যমন্ত্রী সেই সময়েই জানিয়েছিলেন, কেন্দ্রের উড়াল প্রকল্পে এই বিমানবন্দরগুলিকে চালু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *