শনিবার | ২২ আগস্ট ২০২৬

যাদবপুরের ঘটনার তীব্র সমালোচনা মন্ত্রী অগ্নিমিত্রার

 যাদবপুরের ঘটনার তীব্র সমালোচনা মন্ত্রী অগ্নিমিত্রার

কলকাতা, ২২ আগস্ট- যাদবপুর ইস্যুতে যদিও রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের সুরেই সুর মিলিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। যাদবপুরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সম্মানহানি হয়েছে বলে ফেসবুক পোস্টে মন্তব্য করেছিলেন অর্থমন্ত্রী। আর শনিবার বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও এমব্লেম ভাঙচুরের কঠোর নিন্দা করে মন্ত্রী অগ্নিমিত্রা বলেন, ‘স্বাধীনতার সময় থেকে চলে আসা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে বিশেষ খ্যাতি ও এমব্লেম ছিল, আজকে তা যদি ভেঙে ফেলা হয় বা বাইরের ছেলেরা ভেতরে ঢোকে, তবে আমরা তা সমর্থন করি না। সে যে দলেরই হোক, এমনকী আমার দলের লোক হলেও আমরা সমর্থন করব না। দয়া করে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি আনবেন না, ওগুলো বাইরে রাখুন।’ অতীতে শিক্ষাঙ্গনে রাজনীতিকরণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এক সময় বলা হত অনিলায়ন, পার্থায়ন বা মমতায়ন। কিন্তু আমাদের সময় কেউ তা বলতে পারবেন না। কারণ বর্তমান মুখ্যমন্ত্রী যাদের বোর্ডে রেখেছেন, তারা রাজনীতির সঙ্গে যুক্ত নন। আমরা সব কিছুতে রাজনীতি চাই না।’

আবার এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন স্বপন দাশগুপ্ত। তিনি বলেন, ‘যাদবপুরের পরিবেশ শান্ত রাখতে রাজনৈতিক দলের উস্কানি থেকে দূরে থাকা উচিত। সব থেকে খারাপ লেগেছে যাদবপুরের ওই এমব্লেমটি যেভাবে ধ্বংসের মুখে পড়ল। হয় তো ভাঙা অংশ সারিয়ে ফেলা যাবে, কিন্তু যে ভাবে ওটিকে অসম্মান করা হল, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *