ফ্রিজ হওয়া তিন অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে মমতার তৃণমূল, পুরনো নির্দেশ বহাল আদালতের
কলকাতা, ২১ সেপ্টেম্বর– জোড়াফুল প্রতীক হাতছাড়া হলেও দলীয় তহবিল নিয়ে আদালতে বড় স্বস্তি মমতা তৃণমূলের। নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশকে কোনও গুরুত্ব না দিয়েই কলকাতা হাইকোর্ট সোমবার জানিয়ে দিল, আপাতত দলীয় তহবিলের অধিকার থাকছে মমতা তৃণমূলের কাছে।
সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, কমিশন চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানায়নি। উপনির্বাচনের জন্য তারা তৃণমূলের নাম এবং প্রতীক নিয়ে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে। তাই কমিশনের ওই অন্তর্বর্তী নির্দেশের পর তহবিল নিয়ে আপাতত আদালত আগের সিদ্ধান্ত থেকে সরছে না। আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত তহবিল থেকে টাকা খরচের অধিকার মমতা তৃণমূলের কাছেই থাকবে। নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশ অনুযায়ী, মমতা কিংবা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবির আপাতত ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম এবং জোড়াফুল প্রতীক ব্যবহার করতে পারবে না। এই অবস্থায় কালীঘাট তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলাটি গ্রহণযোগ্য হওয়া উচিত নয় বলে রাজ্যের তরফে সওয়াল করা হয়।
কিন্তু সেই সওয়ালের পরে আদালত স্পষ্টভাবে জানিয়ে দেয়, কমিশন যেহেতু অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে, তাই আদালত আগের অবস্থানেই থাকবে। আবার তৃণমূলের দুই শিবিরের দ্বন্দ্বে আপাতত অবিভক্ত তৃণমূলের নাম এবং জোড়াফুল প্রতীক ‘ফ্রিজ়’ করেছে নির্বাচন কমিশন। কমিশনের এই অন্তর্বর্তী সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার তরফ থেকে দ্রুত শুনানির আর্জি জানান আইনজীবী কপিল সিব্বল। তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানায়, সব পক্ষকে জানানো হোক। দ্রুত শুনানির চেষ্টা করা হবে।