মঙ্গলবার | ২১ এপ্রিল ২০২৬

অভাব-অনটনের মধ্যেই বহিঃরাজ্যে কর্তব্য পালন করছেন জওয়ানরা!!

 অভাব-অনটনের মধ্যেই বহিঃরাজ্যে কর্তব্য পালন করছেন জওয়ানরা!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি :-গাঁটের টাকা খরচ করে বহিঃরাজ্যে গিয়ে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ ডিউটি সামলাচ্ছেন রাজ্যের গর্বের সশস্ত্র বাহিনী টিএসআরের অফিসার ও জওয়ানরা। বর্তমানে রাজ্যের অর্ধ-সহস্রাধিক টিএসআর জওয়ান বহিঃরাজ্যের নির্বাচনে শান্তিশৃঙ্খলা রক্ষার কাজে এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার কাজে নিয়োজিত। কিন্তু আর্থিক অনটনের কারণে বর্তমানে বিভিন্ন সমস্যার সম্মুখীন সশস্ত্র বাহিনী টিএসআরের জওয়ানরা। বিগত দিনে বহুবার রাজ্যের সশস্ত্র বাহিনী টিএসআরের জওয়ানদের বহিঃরাজ্যের বিভিন্ন স্থানে নির্বাচনের প্রাক্কালে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল এবং জওয়ানরা ডিউটি সেরে মাথা উঁচু করেই ব্যারাকে ফিরে এসেছিলেন। তবে প্রতিবারই টিএসআর জওয়ানদের অগ্রিম টিএ, ডিএ ইত্যাদি দিয়েই বহিঃরাজ্যে ডিউটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বহিঃরাজ্যে কর্মরত জওয়ানদের অভিযোগ। ফলে ক্ষোভে ফুঁসছেন বর্তমানে বহিঃরাজ্যে কর্মরত রাজ্যের সশস্ত্র বাহিনী টিএসআরের জওয়ানরা।

চলতি বছরের ২৪শে মার্চ প্রতিবেশী রাজ্য আসামের নির্বাচন উপলক্ষে রাজ্যের সশস্ত্র বাহিনীর দশ কোম্পানি টিএসআর জওয়ানরা প্রতিবেশী রাজ্য আসামের উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করে। এপ্রিল মাসের ১১ তারিখ পর্যন্ত টিএসআর আসামের জওয়ানরা হাফলংয়ে নির্বাচনি ডিউটিতে নিয়োজিত ছিল। সেখান থেকে ওই দশ কোম্পানি সশস্ত্র বাহিনীর টিএসআর জওয়ানদের কলকাতার পূর্ব মেদিনীপুরে নির্বাচনের কাজে নিয়ে যাওয়া হয়। এক মাসের অধিক দিন যাবৎ ওই দশ কোম্পানির ৭৬০ জন টিএসআর জওয়ান দুই রাজ্যে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। অথচ রাজ্য নির্বাচন দপ্তর অদ্যাবধি বহিঃরাজ্যে কর্মরত ওইসব টিএসআর জওয়ানদের কোনো অর্থরাশি প্রদান না করায় বহিঃরাজ্যে কর্মরত টিএসআর জওয়ানদের গাঁটের টাকা খরচ করেই মেসের খাবার-দাবার সংগ্রহ করা সহ অন্যান্য প্রয়োজনীয় আর্থিক কাজকর্ম চালিয়ে যেতে হচ্ছে। মোটের উপর টিএসআর জওয়ানদের বহিঃরাজ্যে প্রচণ্ড অভাব-অনটনের মধ্যেই দিন অতিবাহিত করতে হচ্ছে। বর্তমানে বহিঃরাজ্যে নির্বাচনের কাজে নিয়োজিত জনৈক জওয়ান টেলিফোনে তাদের আর্থিক অভাব-অনটনের কথা উল্লেখ করে বলেন, বিগত দিনে বহুবার তারা বহিঃরাজ্যের নির্বাচনের কাজে নিযুক্ত হয়েছিলেন। সে সময় রাজ্য ত্যাগের আগেই ডিপার্টমেন্ট থেকে জওয়ানদের হাতে অগ্রিম অর্থরাশি তুলে দেওয়া হতো। কিন্তু এই বছর বহিঃরাজ্যে পাঠানোর আগে জওয়ানদের একটি কানাকড়িও দেওয়া হয়নি বলে অভিযোগ। যার কারণে ক্ষোভে ফুঁসছেন বহিঃরাজ্যের নির্বাচনের কাজে নিয়োজিত রাজ্যের সশস্ত্র বাহিনী টিএসআরের জওয়ানরা। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন বঞ্চিত ও ক্ষুব্ধ টিএসআর জওয়ানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *