চারশো বছর আগে ব্রহ্মশাসন গ্রামে প্রথম জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়েছিল, দাবি ঐতিহাসিকদের
সন্দীপ বসু- জগদ্ধাত্রী পুজোর ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শান্তিপুরের নাম। স্থানীয়দের দাবি, প্রায় চারশো বছরেরও বেশি আগে শান্তিপুরের হরিপুর অঞ্চলের ব্রহ্মশাসন গ্রামেই প্রথম ঘটপুজোর মাধ্যমে জগদ্ধাত্রী আরাধনার সূচনা হয়েছিল। আর সেটাই ছিল ইতিহাসের প্রথম জগদ্ধাত্রী পুজো, এমনটাই দাবি ঐতিহাসিকদের।
পরবর্তীকালে এখানেই মূর্তি গড়ে শুরু হয় দেবীর পুজো। কথিত আছে, ১৭৬০ সালে বাংলার নবাব মীরকাশিমের সঙ্গে বিরোধের জেরে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রকে মুঙ্গেরে বন্দি করা হয়েছিল। ১৭৬৩ সালে ইংরেজদের সঙ্গে মীরকাশিমের যুদ্ধের সুযোগে বন্দিদশা থেকে পালিয়ে আসেন কৃষ্ণচন্দ্র। ফেরার পথে গঙ্গায় দুর্গাপ্রতিমা বিসর্জনের দৃশ্য দেখে তিনি ব্যথিত হন। সেই সময় স্বপ্নাদেশে কার্তিকী শুক্লা নবমীতে দেবী জগদ্ধাত্রীর পুজো শুরু করেন মহারাজ।
জনশ্রুতি রয়েছে, এরপরই রাজপরিবারের উদ্যোগে নদিয়ায় জগদ্ধাত্রী পুজোর প্রচলন হয়। অন্যদিকে জানা যায়, শান্তিপুরের ব্রহ্মশাসন গ্রামের সাধক চন্দ্রচূড় তর্কচূড়ামণি পঞ্চানন সূর্যোদয় চলাকালীন ধ্যান করার সময় সিংহবাহিনী, চতুর্ভুজা ও রক্তিমবর্ণা দেবীর দর্শন পান বলে কথিত আছে। দেবীর আদেশে তিনি প্রথম মূর্তি নির্মাণ করে পুজো শুরু করেন। পরবর্তীকালে রাজা গিরিশচন্দ্র রায়ের পৃষ্ঠপোষকতায় পুজোর মন্ত্র ও পদ্ধতির প্রচলন হয়। স্থানীয়দের দাবি, একসময় ব্রহ্মশাসন গ্রামে ১০৮ ঘর ব্রাহ্মণ পরিবারের বসবাস ছিল। কিন্তু মহামারির প্রকোপে একটি পরিবার ছাড়া বাকি পরিবারগুলি নিশ্চিহ্ন হয়ে যায়। দেবীর চরণপীঠ ও পুজোর সামগ্রী সূত্রাগড়ের বিশ্বাসপাড়ায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই ব্রাহ্মণ পরিবারের সদস্যরা কলকাতা-সহ বিভিন্ন জায়গায় বসবাস করেন বলেও জানা গিয়েছে।
তবে তাঁদের অনুপস্থিতিতেও স্থানীয় বাসিন্দারা নিষ্ঠার সঙ্গে ধরে রেখেছেন পুজোর ঐতিহ্য। ইতিহাস ও জনশ্রুতির মেলবন্ধনে আজও জগদ্ধাত্রী পুজোর প্রাচীন স্মৃতি বহন করে চলেছে শান্তিপুরের ব্রহ্মশাসন।