৩১ জুলাই পর্যন্ত বন্ধ বহুতল নির্মাণের কাজ, কড়া দাওয়াই শুভেন্দুর
কলকাতা, ২৬ জুন- তারাতলার ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার নির্মীয়মাণ বেসরকারি বাণিজ্যিক বহুতলের স্বাস্থ্যপরীক্ষায় নজর দিয়েছে রাজ্য সরকার। অডিট কমিটির স্বাস্থ্যপরীক্ষার জন্য আপাতত ১ মাস বন্ধ জি ৫ নির্মাণ। নকশা বড়সড় ত্রুটি পেলে বাতিল হতে পারে বহুতলের অনুমোদন, স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফে। শুক্রবার পিডব্লুডির তাঁবুতে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোন কোন জায়গায় অডিট কমিটির স্ক্যানারে, তা এদিন জানান তিনি। মুখ্যমন্ত্রী জানান, একমাস কলকাতা পুর এলাকা, বিধাননগর, রাজারহাট, নিউটাউন, পূজালি, বারুইপুর, মহেশতলা, রাজপুর-সোনারপুর, দক্ষিণ দমদম, কামারহাটি, বরানগর এবং বালিতে বেসরকারি বাণিজ্যিক নির্মাণ বন্ধ থাকবে। ইতিমধ্যে এগারো সদস্যের অডিট কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি জি+৫ বহুতলগুলির স্বাস্থ্যপরীক্ষা করবে। বেশি অনিয়ম থাকলে পুরো বাতিল করে দেওয়া হবে অনুমোদন। স্বল্প ত্রুটির ক্ষেত্রে শোধরানোর সুযোগ দেওয়া হবে নির্মাণ সংস্থাকে। আপাতত ৩১ জুলাই পর্যন্ত নির্মাণকাজ বন্ধ থাকছে। অডিট কমিটির স্বাস্থ্যপরীক্ষায় পাশ হলে পয়লা আগস্ট থেকে ফের শুরু হবে নির্মাণ।