বুধবার | ২৭ মে ২০২৬

ছাদ থেকে পড়ে গিয়ে আকস্মিকভাবে প্রয়াত চলচ্চিত্র পরিচালক অনীক দত্ত

 ছাদ থেকে পড়ে গিয়ে আকস্মিকভাবে প্রয়াত চলচ্চিত্র পরিচালক অনীক দত্ত

কলকাতা, ২৭ মে- প্রয়াত পরিচালক অনীক দত্ত। বুধবার হিন্দুস্তান পার্ক এলাকায় বাড়ির ছাদ থেকে পড়ে যান তিনি। তাকে তড়িঘড়ি ঢাকুরিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের তরফে জানানো হয়েছে মৃত্যু হয়েছে পরিচালকের। মৃত্যুকালে অনীকের বয়স হয়েছিল প্রায় ৬৬।

            ঘটনার খবর পাওয়ার পরেই অনীকের হিন্দুস্তান পার্কের বাসভবনে পৌঁছে যান পুলিশের একটি দল। কীভাবে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ফরেন্সিক বিশেষজ্ঞরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। কিন্তু কীভাবে এই ঘটনাটি ঘটল তা নিয়ে পুলিশের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। সূত্রের খবর, ছাদ থেকে অনীকের একটি সুইসাইড নোটও পুলিশের হাতে এসেছে।

পাঁচ দিন আগেই জন্মদিন গিয়েছে অনীকের। ২২ মে সমাজমাধ্যমে পুরনো স্মৃতি ভাগও করে নিয়েছিলেন পরিচালক। পরিচালনায় আসার আগে গত দু’দশক ধরে বিজ্ঞাপন জগতের সঙ্গে যুক্ত ছিলেন। বহু বিজ্ঞাপনী ছবি তৈরি করেছিলেন তিনি। ২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির পরিচালনার মাধ্যমে আলোচনায় উঠে আসেন অনীক। এই ছবিকে ঘিরেও তৈরি হয়েছিল বিতর্ক।

            একের পর এক ছবি তৈরি করে সিনেমাপ্রেমিদের মনে একটা আলাদা জায়গা করে নিয়েছিলেন অনীক দত্ত। সেই তালিকায় রয়েছে ‘আশ্চর্য প্রদীপ’, ‘মেঘনাদ বধ রহস্য’, ‘ভবিষ্যতের ভূত’, ‘বরুণবাবুর বন্ধু’, ‘অপরাজিত’। এই ‘অপরাজিত’ ছবিটিকে নিয়েও বিতর্ক তৈরি হয়। তাঁর শেষ ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’-কে ঘিরে তৈরি হয়েছিল আলোচনা। বরাবর বামপন্থী মনোভাবাপন্ন মানুষ হিসেবেই পরিচিত ছিলেন অনীক। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই টলিউডে নেমে এসেছে শোকের ছায়া। চলচ্চিত্র জগতের অনেকেই হাসপাতালে পৌঁছে যান। প্রযোজক ফিরদসুল হাসান বলেন, “বিস্তারিত কিছু বলতে পারব না। অনীকের মেয়ের জন্য আমরা অপেক্ষা করছি। সরকারি নিয়ম অনুযায়ী এসএসকেএম-এ নিয়ে যাওয়া হবে ময়নাতদন্তের জন্য।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *