বৃহস্পতিবার | ১৫ অক্টোবর ২০২৬

১০০ কেজি সোনার গয়নায় সাজলেন দুর্গা

 ১০০ কেজি সোনার গয়নায় সাজলেন দুর্গা

সন্দীপ বসু- দুর্গাপুজোর ইতিহাসে এই প্রথম দেবী দুর্গাকে সাজানো হয়েছে সম্পূর্ণ ১০০ কেজি খাঁটি সোনার অলঙ্কারে। ঐতিহ্যবাহী শিলিগুড়ি সেন্ট্রাল কলোনি দুর্গাপুজো কমিটির এই পুজো ঘিরে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। একটি খ্যাতিমান স্বর্ণালঙ্কার প্রস্তুতকারী সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে দেবীকে রাজকীয় সাজে সাজিয়ে তোলা হয়েছে।
টানা ৬৩ বছর ধরে যে মাঠে এই পুজো হয়ে আসছিল, সেখানে ক্রিকেট স্টেডিয়ামের কাজ শুরু হওয়ায় এবার বাধ্য হয়েই পুজো সরাতে হয়েছে কমিটি-কর্তাদের। নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনগামী মূল রাস্তার পাশেই গড়ে উঠেছে নতুন মণ্ডপ। মাঠ বদল প্রসঙ্গে কথা বলতে গিয়ে পুজোর আহ্বায়ক সুভাষ রায় বলেন, ‘আমাদের মাঠ বদলালেও পুজোর ঐতিহ্য বা আবেগ এতটুকু কমেনি। ১০০ কেজি সোনা দিয়ে দেশের কোথাও প্রতিমা সাজানো হয়নি, আমরাই প্রথম এই উদ্যোগ নিয়েছি। স্থান পরিবর্তন হলেও গোটা উত্তরবঙ্গ আমাদের দিকেই তাকিয়ে রয়েছে।’
ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে তৈরি এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হয় তৃতীয়াতেই। উদ্বোধনী সন্ধ্যায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় এবং কাটিহার ডিভিশনের ডিআরএম। তবে, উৎসবের আড়ম্বর যত বড়ই হোক না কেন, দেবীর নিয়ম-রীতি ও ভোগ নিবেদনে কোনও খামতি রাখছেন না উদ্যোক্তারা। সপ্তমী থেকে দশমী—প্রতিদিনই লুচি, সুজি, শাক, পাঁচরকম ভাজা, পায়েস ও চাটনির পাশাপাশি মা দুর্গার মেনুতে থাকছে খিচুড়ি, পোলাও এবং ফ্রায়েড রাইস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *