বুধবার | ১৮ নভেম্বর ২০২৬

দুই ছাত্র সংগঠনের সংঘর্ষে রণক্ষেত্র কলেজস্ট্রিট

 দুই ছাত্র সংগঠনের সংঘর্ষে রণক্ষেত্র কলেজস্ট্রিট

কলকাতা, ১৮ নভেম্বর– উত্তেজনা তৈরি হয়েছিল সোমবার থেকেই। আর বুধবার দুই ছাত্র সংগঠনের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল কলেজস্ট্রিট চত্বর। একদিকে বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের পক্ষ থেকে ইট ছোঁড়া হলো, আরেকদিক থেকে চকোলেট বোম, ডিম ছুঁড়লেন এবিভিপির সমর্থকেরা। আর সেই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হলো পুলিশকে।

            বুধবার সকালে এবিভিপি-র বিক্ষোভে অবরুদ্ধে হয়ে পড়েছিল কলেজ স্ট্রিট। দুপুরের পর পরস্থিতি খানিক শান্ত হলেও সন্ধ্যায় ফের শুরু হয় অশান্তি। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ একটি চকোলেট বোম ছোড়া হয় এসএফআই-এর স্টল লক্ষ্য করে। এসএফআইয়ের পক্ষ থেকেও ছোঁড়া হয় ইট। বিশাল পুলিশবাহিনীর পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে আসরে নামে কেন্দ্রীয় বাহিনী। এসএফআই-এর বইয়ের দোকান লক্ষ্য করে ইটবৃষ্টি হয়েছে বলে অভিযোগ। দেখা গিয়েছে, প্লাস্টিকের চেয়ারে মাথায় ঢেকে প্রাণে বাঁচার চেষ্টা করছেন এসএফআই-এর কর্মী সমর্থকেরা। বাঁচানোর চেষ্টা করছেন বইও। উল্টো দিক থেকে উড়ে এসেছে ঢিল, ইট, জলের বোতল, লাঠি। পরে বইয়ের টেবিল লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলেও অভিযোগ।

            ব্যারিকেড দিয়ে পুলিশ দু’পক্ষকে আটকানোর চেষ্টা করলেও ব্যারিকেড অনেক জায়গায় উল্টে দেওয়া হয়। সন্ধ্যা প্রায় সাড়ে ৬টা পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ। ফলে বাম সংগঠনের সদস্যেরা প্রশ্ন তুলেছেন, মঙ্গলবার যেখানে পুলিশ অতিসক্রিয়তা দেখিয়ে এসএফআই সদস্যদের আটক করে তুলে নিয়ে গিয়েছিল, সেখানে বুধবার এবিভিপি-র আক্রমণের সময় কেন তারা নিষ্ক্রিয়? সপ্তাহের মাঝখানে কলকাতার ব্যস্ততম রাস্তা এ ভাবে অবরুদ্ধ হয়ে থাকায় অসুবিধায় পড়েন নিত্যযাত্রী থেকে অসুস্থ ব্যক্তিরা। কলকাতা মেডিক্যাল কলেজের দিক থেকে আসা অ্যাম্বুল্যান্স সূর্য সেন স্ট্রিটের দিকে ঘুরিয়ে দেয় পুলিশ।

            এসএফআইয়ের বুক স্টলে যান সিপিআইএমের প্রবীণ নেতা বিমান বসু। সেখানে তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ এবং ‘জুতো মারো’ স্লোগান দেওয়া হয়। পাল্টা ‘উজবুক’ বলে কটাক্ষ করেন তিনি। পরে বক্তব্য রাখতে গিয়ে বই ও প্রচারপত্র পোড়ানো এবং পায়ে মাড়ানোর ঘটনার তীব্র নিন্দা করেন বামফ্রন্ট চেয়ারম্যান। উজবুক কটাক্ষ ছুড়ে দেন তিনি। বক্তব্য রাখতে গিয়ে বই বা প্রচারপত্র পোড়ানো এবং পায়ে মাড়ানোর ঘটনার নিন্দা করেন বামফ্রন্ট চেয়ারম্যান। তার কথায়, কোনও মুদ্রিত বিষয়কে এভাবে অসম্মান করা সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “যাদবপুরে বুলডোজার, কর্পোরেশনের ময়লার গাড়ি জেতেনি। জিতেছিল বই। কলেজ স্ট্রিটেও পুলিশের প্রিজন ভ্যান জেতেনি। জিতেছে বই।” বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘দুই ছাত্র সংগঠনের সংঘর্ষ। এ নিয়ে আমাদের কিছু বলার নেই। এবিভিপি আমাদের সংগঠন নয়। তবে কোনও একটি সংগঠন রাজনৈতিক জমি হারানোর পরে যদি বই নিয়ে প্রাসঙ্গিক হয়ে উঠতে চায় তার থেকে রাজনৈতিক দীনতা আর কিছু নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *