প্রথম দফাতেই ১১০টির বেশি আসনে জিতবে বিজেপি, দাবি শাহের
সাংবাদিক সম্মেলনে অমিত শাহ।
কলকাতা অফিস, ২৪ এপ্রিল – বাংলায় মানুষ এবার ভয়মুক্ত হয়ে গণতন্ত্রের উৎসবে শামিল হয়েছে, প্রথম দফায় রেকর্ড সংখ্যক ভোটদানের পরে শুক্রবার সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দাবি করলেন, প্রথম দফায় ১৬টি জেলার যে ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়েছে তাতে বিজেপির অভ্যন্তরীণ রিপোর্ট অনুযায়ী, বিজেপি এই দফায় ১১০টিরও বেশি আসনে জয়লাভ করতে চলেছে।
এদিনের সাংবাদিক সম্মেলনে শাহ বলেন, ‘মানুষ পরিবর্তনের জন্য ভোট দিয়েছে। মানুষ ভয় থেকে বেরিয়ে ভরসার জন্য ভোট দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দ্বিতীয় দফাতেও ভয়হীন ভরসার ভোট হবে। বাংলায় পরিবর্তনের ঢেউ আছড়ে পড়েছে।’ তিনি দাবি করেছেন, বাংলায় দীর্ঘ সময় পরে কোনও প্রাণহানি ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আর এই ঘটনাকে ‘মিরাকেল’ বলে আখ্যা দেন শাহ। তিনি এদিন তথ্য দিয়ে জানিয়েছেন, পূর্ববর্তী বছরগুলির তুলনায় এবারের নির্বাচন অনেকটাই শান্তিপূর্ণ হয়েছে: ২০১৬ সালে ১,২৭৮ জন আহত হয়েছিল, ২০২১ সালে ১,৬৮১ জন আহত হয়েছিল, ২০২৩ (পঞ্চায়েত) নির্বাচনে ৬৬৪ জন আহত হয়েছিল এবং ২০২৪ (সাধারণ নির্বাচন) এ ৭৬১ জন আহত হয়েছিল, যেখানে গতকাল (২০২৬ প্রথম দফা) ৩০ জনেরও কম মানুষ আহত হয়েছেন এবং কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি এবং ভোট আপাতদৃষ্টিতে ভয়মুক্ত হয়েছে।
শাহ জানিয়েছেন, বাংলায় বিজেপির সরকার প্রতিষ্ঠিত হলে নারীরা একটি ভয়মুক্ত পরিবেশে ঘুরতে পারবেন। তিনি জানান, বিজেপি সরকারের প্রধান লক্ষ্য হবে নারীদের ভয়মুক্ত করা। বিজেপি সরকারের আমলে কোনও মহিলা রাত ১ টা সময় যদি স্কুটি নিয়ে বেরোতে চায় নির্ভাবনায় বেরোতে পারবে। আরজি কর এবং সন্দেশখালি কাণ্ডের শিকার হওয়া ব্যক্তিদের প্রার্থী করা এই সংকল্পেরই প্রতীক। শাহ বলেন, ‘ক্ষমতায় এলে “ভাইপো ট্যাক্স” এবং সিন্ডিকেট রাজ চিরতরে বন্ধ করা হবে। গত কয়েক বছরে হওয়া ১০,০০০ কোটি টাকার দুর্নীতির তদন্তে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হবে।’ তিনি আশ্বাস দেন, বাংলায় বিজেপির সরকার হলে কোনও বহিরাগত বাংলার মুখ্যমন্ত্রী হবেন না। তার কথায়, ‘বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন বাংলারই সন্তান, যিনি বাংলা ভাষায় কথা বলেন এবং বাংলা মাধ্যম স্কুলে পড়াশোনা করেছেন।’
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতি, রামনবমী, সরস্বতী পুজো বা দুর্গা বিসর্জন—যে কোনো ধর্মীয় উৎসব পালনে কেউ যাতে বাধা দিতে না পারে, তা নিশ্চিত করবে বিজেপি সরকার। অমিত শাহ বলেন, ‘বিজেপির কাছে “পরিবর্তন” মানে কেবল বিধায়ক বা দল বদল নয়; এর অর্থ হলো অনুপ্রবেশমুক্ত বাংলা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।’ দ্বিতীয় দফার ভোটারদেরও নির্ভয়ে ভোটদানের আহ্বান জানান তিনি। পূর্ব ভারতের দুই রাজ্য বিহার এবং ওড়িশায় ক্ষমতায় রয়েছে বিজেপি। এবার বাংলায় বিজেপির সরকার এলে পূর্ব ভারতে উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে প্রতিশ্রুতি দিয়েছেন তার প্রকৃত বাস্তবায়ন হবে বলেও উল্লেখ করেন অমিত শাহ।