আগ্রাসী অভিষেক
আনন্দিতা সরকার
দক্ষিণ আফ্রিকায় চলতে থাকা ‘কিং’ ছবির শুটিং থেকে ফাঁস হওয়া অভিষেক বচ্চনের নতুন লুক ঘিরে ইতিমধ্যেই তুমুল চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়। ট্রেঞ্চ কোট, চোখে কালো রোদচশমা, হাতে শটগান—গাড়ির উপর দাঁড়িয়ে ভয়ংকর মেজাজে ধরা দিয়েছেন অভিনেতা। ছবিগুলি ভাইরাল হতেই প্রশ্ন উঠেছিল, আচমকাই কেন এমন আগ্রাসী অবতারে দেখা গেল জুনিয়র বচ্চনকে? পরে জানা যায়, এটি আসলে শাহরুখ খান অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’-এর সেটের দৃশ্য।
বলিউড সূত্রে খবর, এই ছবিতে এক ভয়ংকর খলনায়কের চরিত্রে অভিনয় করছেন অভিষেক। সেট থেকে ফাঁস হওয়া ছবিকেই তার ‘ফার্স্ট লুক’ বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন পর তাকে এমন ভিন্ন স্বাদের চরিত্রে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও। বিশেষ করে শাহরুখ খানের বিপরীতে তার উপস্থিতি ছবির আকর্ষণ আরও বাড়িয়েছে বলেই মতো সিনেপ্রেমীদের একাংশের।
জানা গিয়েছে, পরিচালক সিদ্ধার্থ আনন্দ এই চরিত্রটির জন্য বিশেষভাবে অভিষেকের লুক ডিজাইন করেছেন। অ্যাকশনভিত্তিক এই ছবিতে আরও দুর্দান্ত উপস্থিতি আনতে অভিনেতাকে ওজন কমানোর পরামর্শ দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী দীর্ঘদিন জিমে কড়া অনুশীলনও করেছেন তিনি। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রের দাবি, ছবিতে শাহরুখ ও অভিষেক দু’জনকেই সম্পূর্ণ আলাদা অবতারে দেখা যাবে।
খলনায়কের চরিত্রে অভিনয়ে অভিষেক যে যথেষ্ট দক্ষ, তার প্রমাণ মিলেছে আগেই। কেরিয়ারের বিভিন্ন সময়ে ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের চেষ্টা করলেও বক্স অফিস সাফল্যের নিরিখে বহুবার সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। তবে ‘কিং’-এর মতো বড় বাজেটের ছবিতে এই নতুন অবতার তার কেরিয়ারে নতুন মোড় আনতে পারে বলেই মনে করছেন অনেকেই।