শনিবার | ২১ নভেম্বর ২০২৬

শীতের শুরুতেই ছাদনাতলায় ভিড়! ২৫ দিনে দেশে ৫২ লক্ষ বিয়ে

 শীতের শুরুতেই ছাদনাতলায় ভিড়! ২৫ দিনে দেশে ৫২ লক্ষ বিয়ে

নয়াদিল্লি: উৎসবের মরশুম প্রায় শেষের দিকে। এবার পালা বিয়ের মরশুমের। আগামী ২৫ দিনে দেশে একপ্রকার গণহারে বিবাহ হতে চলেছে। সংখ্যাটা বেশ চমকপ্রদ। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স বা ‘সিএআইটি’-র অনুমান, আগামী ২৫ দিনে অন্তত ৫২ লক্ষ বিয়ে হতে চলেছে। অর্থাৎ স্রেফ ৩ সপ্তাহে অন্তত ১ কোটি মানুষ পরিণয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন।
কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের হিসাব অনুযায়ী, শনিবার অর্থাৎ ২১ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে ভারতে অন্তত ৫২ লক্ষ বিয়ে হতে চলেছে। অর্থাৎ দিনে ২ লক্ষেরও বেশি বিয়ের অনুষ্ঠান হবে দেশজুড়ে। যা কিনা সার্বিকভাবে দেশের অর্থনীতির জন্য সুখবর। মাত্র ২৫ দিনের মধ্যে এই বিয়ে করার হিড়িকে খুশির হাওয়া ব্যবসায়ী মহলেও। ‘সিএআইটি’ অনুমান করছে, স্রেফ আগামী ২৫ দিনে যে বিপুল সংখ্যক মানুষ বিয়ে করতে চলেছেন, তাতে প্রায় সাড়ে সাত লক্ষ কোটি টাকার ব্যবসা হবে।
ওই সংস্থার হিসাব বলছে, আগামী ২৫ দিনে স্রেফ দিল্লি এবং সংলগ্ন এলাকায় বিয়ের সংখ্যাটা হতে চলেছে ৫ লক্ষের বেশি। ফলে সার্বিকভাবে শুধু দিল্লি সংলগ্ন এলাকা থেকেই ব্যবসা হবে আড়াই লক্ষ কোটি টাকার। সব মিলিয়ে গোটা দেশে ব্যবসা ছাড়াবে ৭.৫ লক্ষ কোটি টাকা। এর মধ্যে গয়না বিক্রি হতে পারে ১.২ লক্ষ কোটি টাকার। ৯০ হাজার কোটির ব্যবসা হবে বিয়ের সামগ্রী এবং অন্যান্য উপকরণের বাজারে। ৭৫ হাজার কোটি টাকার ব্যবসা পাবে ক্যাটারিং শিল্প। উপহার এবং বিয়ের অন্যান্য সামগ্রীর ব্যবসা হবে প্রায় ৩৭ হাজার ৫০০ কোটির। অনুষ্ঠানবাড়ি এবং ব্যাঙ্কোয়েট হলগুলি প্রায় ৬০ হাজার কোটির ব্যবসা করবে।
অবশ্য শীতের শুরুতে এই বিপুল সংখ্যক বিয়ের হুড়োহুড়ি নতুন কিছু নয়। প্রতিবছরই এই সময় লক্ষ লক্ষ বিয়ে হয় দেশে। নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির শেষপর্যন্ত বিয়ের হিড়িক পড়ে। গত বছরও এই সময় দৈনিক লক্ষাধিক বিয়ের অনুষ্ঠান হয়েছে। আর ভারতে বিয়ে মানেই যেহেতু এলাহি ব্যাপার, সেটার একটা ব্যবসায়িক দিকও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *