শুক্রবার | ২৭ নভেম্বর ২০২৬

সাদা নম্বর প্লেটের বাইকে আর বাণিজ্যিক পরিষেবা নয়: সুপ্রিম কোর্ট

 সাদা নম্বর প্লেটের বাইকে আর বাণিজ্যিক পরিষেবা নয়: সুপ্রিম কোর্ট

নিজস্ব সংবাদদাতা- ব্যক্তিগত বাইককে বাণিজ্যিক কাজে ব্যবহার করে অ্যাপভিত্তিক পরিষেবা দেওয়ার বিরুদ্ধে কড়া অবস্থান নিল দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। সাদা নম্বর প্লেটের ব্যক্তিগত বাইক দিয়ে আর যাত্রী পরিবহণ বা পণ্য সরবরাহের কাজ করা যাবে না। এই পরিষেবা চালিয়ে যেতে হলে বাইককে বাণিজ্যিক নম্বর প্লেটের আওতায় আনতে হবে।
গত ২৮ অক্টোবর কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক এই মর্মে নির্দেশিকা জারি করেছিল। কিন্তু নির্দেশ কার্যকর করার পথে দেখা দিয়েছে নানা সমস্যা। কেন্দ্রের লক্ষ্য রাজস্ব ফাঁকি বন্ধ করা এবং যাত্রী ও চালকদের নিরাপত্তা নিশ্চিত করা। অন্যদিকে, নম্বর প্লেট বদলের খরচ বহন করা নিয়ে উদ্বিগ্ন কয়েক লক্ষ বাইকচালক।
পরিবহণ মন্ত্রকের বক্তব্য, কিছু ব্যক্তিগত গাড়ি অ্যাপভিত্তিক পরিষেবায় যুক্ত হয়ে বাণিজ্যিক কাজে ব্যবহৃত হচ্ছে। অথচ বাণিজ্যিক গাড়ির জন্য নির্ধারিত কর বা ‘কমার্শিয়াল ফি’ এবং অন্যান্য সরকারি পাওনা জমা পড়ছে না। ফলে সরকারি কোষাগারের ক্ষতি হচ্ছে।
নির্দেশিকায় বলা হয়েছিল, পরিষেবার সঙ্গে যুক্ত সাদা নম্বর প্লেটের গাড়িগুলিকে চিহ্নিত করে সাত দিনের মধ্যে সরিয়ে দিতে হবে। সময়সীমা পেরিয়ে গেলে ওই গাড়ি দিয়ে আর কোনও বাণিজ্যিক পরিষেবা দেওয়া যাবে না। কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতিন গড়কড়ির বক্তব্য, ‘ব্যক্তিগত নম্বর প্লেট ব্যবহার করে বাণিজ্যিক কাজ করা বেআইনি। দুর্ঘটনা ঘটলে যাত্রী ও চালক বিমা-সহ প্রয়োজনীয় আইনি সুবিধা থেকেও বঞ্চিত হতে পারেন।’
প্রসঙ্গত, সারা দেশে বর্তমানে অ্যাপভিত্তিক বাইকের সংখ্যা প্রায় ৯০ লক্ষ। অথচ একটি পরিসংখ্যান অনুযায়ী, মাত্র ৮ লক্ষ বাইকের বাণিজ্যিক নম্বর প্লেট রয়েছে। ওলা, উবার, র‍্যাপিডো এবং ইনড্রাইভ-সহ ১৪টি সংস্থার মাধ্যমে এই পরিষেবা চলে। আগেও বিভিন্ন আঞ্চলিক পরিবহণ দফতরে শিবির করে নম্বর প্লেট বদলের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তাতে বিশেষ সাফল্য মেলেনি। চালকদের বড় আপত্তি নম্বর প্লেট পরিবর্তন নিয়ে।
নয়াদিল্লির এক চালক জানিয়েছেন, বহু মানুষ এই কাজের উপর নির্ভর করেই সংসার চালান। অনেকে অন্য পেশার পাশাপাশি অবসর সময়ে বাইক চালিয়ে বাড়তি আয় করেন। তাঁদের পক্ষে হঠাৎ অতিরিক্ত খরচ বহন করা কঠিন। একই বক্তব্য বেঙ্গালুরুবাসী অরবিন্দ গোয়েলেরও। তাঁর আশঙ্কা, এই নিয়ম কার্যকর হলে অনেক চালক এই কাজ ছেড়ে দিতে বাধ্য হবেন।
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর অ্যাপ বেসড ট্রান্সপোর্ট ওয়ার্কার্সের সভাপতি ইন্দ্রনীল সোনকারের দাবি, ‘কেন্দ্রীয় স্তরে ২০২৫ সালে নির্দিষ্ট শর্তে এক দিন, সাত দিন বা ১৫ দিনের জন্য ব্যক্তিগত গাড়িকে সাময়িক বাণিজ্যিক ব্যবহারের সুযোগ দেওয়ার প্রস্তাব ছিল। তবে তা চালু করতে কেন্দ্রীয় নিয়মে পরিবর্তন প্রয়োজন।’ অন্যদিকে, কলকাতা সাবাবান বাইক ট্যাক্সি অপারেটরস ইউনিয়নের সভাপতি শান্তি ঘোষের অভিযোগ, ২৪ নভেম্বর থেকে বিশেষ শিবির শুরুর আশ্বাস দেওয়া হলেও তা হয়নি।
তাঁর দাবি, ‘চালকদের পর্যাপ্ত সময় ও সহজ প্রক্রিয়া দিতে হবে। একই সঙ্গে পরিষেবা সংস্থাগুলির ভূমিকাও খতিয়ে দেখা প্রয়োজন। নিয়ম কার্যকর করতে বাস্তবসম্মত ব্যবস্থা না হলে রাজস্ব ফাঁকি বন্ধের পাশাপাশি বহু মানুষের জীবিকাও বিপন্ন হতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *