শুক্রবার | ২৭ নভেম্বর ২০২৬

নথিতে উল্লেখ নেই পাঁচটি পুকুরের অবস্থান, পুরুলিয়ার ইস্পাত প্রকল্প নিয়ে পরিবেশ আদালতে মামলা

 নথিতে উল্লেখ নেই পাঁচটি পুকুরের অবস্থান, পুরুলিয়ার ইস্পাত প্রকল্প নিয়ে পরিবেশ আদালতে মামলা

সন্দীপ বসু- জমিতে পাঁচটি পুকুরের অস্তিত্ব থাকলেও সরকারি নথিতে তার উল্লেখ নেই। কারখানার সীমানা থেকে মাত্র ২০ মিটার দূরে সংরক্ষিত বনাঞ্চল, গ্রামের বসতি মাত্র ৪০ মিটারের মধ্যে। এমন একাধিক অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার রঘুনাথপুরে প্রস্তাবিত ৩৬০০ কোটি টাকার ইস্পাত কারখানার পরিবেশগত ছাড়পত্রকে চ্যালেঞ্জ করে জাতীয় পরিবেশ আদালতের দ্বারস্থ হলেন পরিবেশকর্মী, শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, নিয়ম মেনে প্রয়োজনীয় তথ্য যাচাই না করেই ছাড়পত্র দেওয়া হয়েছে। তাই ওই অনুমোদন বাতিল করে নতুন করে পরিবেশগত সমীক্ষার আবেদন জানিয়েছেন মামলাকারীরা।
মামলার নথি অনুযায়ী, মেসার্স রক্ষিত আয়রন অ্যান্ড স্টিল প্রাইভেট লিমিটেড রঘুনাথপুর-১ ব্লকের দুরমুট মৌজায় প্রায় ১৪৮ একর জমিতে সমন্বিত ইস্পাত কারখানা গড়তে চায়।
প্রকল্পে দৈনিক প্রায় ১০ হাজার ২৯০ কিলোলিটার জল ব্যবহারের পরিকল্পনা রয়েছে। কিন্তু প্রকল্পের অবস্থান, জলসম্পদ এবং আশপাশের জনবসতির উপর সম্ভাব্য প্রভাব যথাযথভাবে বিবেচনা করা হয়নি বলে অভিযোগ আবেদনকারীদের।
মামলাকারীদের আইনজীবী শামীম আহমেদ ও আম্বিয়া খাতুনের দাবি, প্রকল্প এলাকা থেকে মাত্র ৪০ মিটার দূরে জোরাডি গ্রামের বসতি। দুরমুট গ্রামের দূরত্ব প্রায় ১৩০ মিটার। একটি প্রাথমিক স্কুল রয়েছে প্রায় ৪৬০ মিটারের মধ্যে। পাশাপাশি, কারখানার সীমানা থেকে মাত্র ২০ মিটার দূরে সংরক্ষিত বনাঞ্চল। এত কাছাকাছি জনবসতি, শিক্ষাপ্রতিষ্ঠান, বনাঞ্চল থাকা সত্ত্বেও পরিবেশগত প্রভাবের যথাযথ মূল্যায়ন হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
অভিযোগ, বিশেষজ্ঞ কমিটির মামলার অন্যতম গুরুত্বপূর্ণ উপসমিতি প্রকল্প এলাকা পরিদর্শন করে পাঁচটি পুকুরের অস্তিত্ব চিহ্নিত করেছিল। প্রকল্প সংস্থাও ওই জলাশয়গুলির উপস্থিতি স্বীকার করেছিল বলে দাবি। অথচ ৮ মে-র বিশেষজ্ঞ কমিটির বৈঠকের কার্যবিবরণীতে এলাকায় কোনও জলাশয় নেই বলে উল্লেখ করা হয়। পরবর্তী সময়ে পরিবেশগত ছাড়পত্রে ওই পাঁচটি পুকুরকে জল সংরক্ষণের কাজে ব্যবহারের শর্ত রাখা হয়েছে। এই অসঙ্গতিকেই মামলার অন্যতম ভিত্তি করেছেন আবেদনকারীরা।
পরিবেশ পরীক্ষার নমুনা সংগ্রহ ও বিশ্লেষণের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। মামলাকারীদের অভিযোগ, হায়দরাবাদের নিও গ্লোবাল এনভায়রো ল্যাবস বা ‘এনএবিএল’-এর স্বীকৃতির মেয়াদ শেষ হয়েছিল ৪ মে ২০২৬ সালে। অথচ ওই পরীক্ষাগারের মাধ্যমে ১৫ মে থেকে ১৫ জুন পর্যন্ত নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। অর্থাৎ, স্বীকৃতির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেই পরীক্ষার কাজ হয়েছে বলে অভিযোগ। ফলে ওই রিপোর্টের গ্রহণযোগ্যতা নিয়েও আপত্তি জানানো হয়েছে।
এ ছাড়া, ২৪ ও ২৫ ফেব্রুয়ারির বৈঠকে বিশেষজ্ঞ কমিটি প্রকল্পের অবস্থান, বনাঞ্চলের নৈকট্য, জলাশয় এবং উৎপাদন সংক্রান্ত তথ্য নিয়ে সংশয় প্রকাশ করেছিল বলে মামলার নথিতে দাবি করা হয়েছে। বিস্তারিত সমীক্ষার প্রয়োজনীয়তার কথাও উঠেছিল। তা সত্ত্বেও ২২ অক্টোবর ২০২৬ কীসের ভিত্তিতে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক ছাড়পত্র দিল, সেই ব্যাখ্যা চেয়েছেন মামলাকারীরা।
শিলান্যাসের ১৪ দিন পরে, ৩১ আগস্ট পরিবেশগত ছাড়পত্রের আবেদন জমা পড়া নিয়েও আপত্তি রয়েছে তাঁদের। শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনার পাশাপাশি স্থানীয় মানুষের বসতি, বনাঞ্চল এবং জলসম্পদের সুরক্ষার প্রশ্নও এই মামলায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ছাড়পত্র প্রত্যাহার করে সমস্ত তথ্য ও সমীক্ষা নতুন করে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন মামলাকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *