দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ পর্যন্ত রোপওয়ে পরিষেবা, জাতীয় সড়কের সম্প্রসারণ, বাংলার জন্য একাধিক ঘোষণা গড়কড়ির
কলকাতা অফিস, ২৬ নভেম্বর : বাংলার উন্নয়নে অর্থ কোনো বাধা হবে না, এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে এই বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি। বাংলায় বিজেপির সরকার আসার পরেই কেন্দ্রের নানা প্রকল্পে টাকা পেয়েছে পশ্চিমবঙ্গ। সড়ক যোগাযোগে গতি এসেছে।
এই আবহেই বৃহস্পতিবার কোলাঘাটে দাঁড়িয়ে শিলান্যাস এবং উদ্বোধন মিলিয়ে মোট ২৭ হাজার কোটি টাকার প্রকল্পের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি। আগামী ৫ বছরে রাজ্যের সড়কপথের আরও উন্নতি হবে বলেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আশ্বাসও দিলেন তিনি। নীতীনের দাবি, আগামী দিনে বাংলার উন্নয়নে চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন মুখ্যমন্ত্রী। তা সত্ত্বেও কেন্দ্রের বরাদ্দ শেষ হবে না বলেই দাবি তার। এদিন মঞ্চ থেকে ১৯ নম্বর জাতীয় সড়কের পালসিট থেকে ডানকুনি অংশের ৬ লেন প্রশস্তিকরণের উদ্বোধন করা হয়। এই প্রকল্পে ২ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয় হয়েছে। ফরাক্কায় গঙ্গার উপর ৪ লেন সেতুর উদ্বোধনও হয়। যার ফলে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের দূরত্ব যেন কমেছে বেশ খানিকটা। এই প্রকল্পে মোট ৫২১ কোটি টাকা খরচ হয়েছে।
এছাড়া ২২টি সড়ক প্রকল্পের শিলান্যাস করেন কেন্দ্রীয় মন্ত্রী। যার মধ্যে কলকাতা- বারাণসী এক্সপ্রেসওয়েতে জুড়বে দুর্গাপুরে। কলকাতায় ১৪ হাজার কোটি টাকা খরচে রিং রোড। ২৫০ কিলোমিটার পথে জুড়বে কোনা, বেলঘরিয়া, কল্যাণী – কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা। শিলিগুড়িতে ১১৬ কিলোমিটার রিং রোড। নেপাল, ভুটান, বাংলাদেশের সড়কপথে যোগাযোগ ব্যবস্থা উন্নতি হবে।
হুগলি নদীতে টুইন টানেল বন্দর এলাকায় ২৪ ঘণ্টা মালবাহী গাড়ি যাতায়াতের বন্দোবস্ত।
জোকা-নামখানা ৪ লেনের রাস্তা ও হুগলি নদীর উপর ফলতা-বাগনান সেতু।
রামনগর বাইপাস-সহ চাউলখোলা থেকে অলংকারপুর পর্যন্ত ১১৬ বি-র সম্প্রসারণ। বরাদ্দ ৮১২.৫০ কোটি টাকা।
স্বামী বিবেকানন্দ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম ও কর্মভূমি বাংলার ইতিহাস ও ঐতিহ্যের প্রশংসা করে গড়করি বলেন, “আজ বাংলায় আবার ডবল ইঞ্জিন এসেছে। এক দিকে মোদীজি, অন্য দিকে শুভেন্দু অধিকারী। এই ডবল ইঞ্জিনের বুলেট ট্রেন এমন গতিতে ছুটবে যে বাংলাকে সমৃদ্ধ ও সম্পন্ন করে উন্নয়নের লক্ষ্য পূরণ করবে।” পরিকাঠামোর সংজ্ঞা ব্যাখ্যা করতে গিয়ে গড়করি জানান, জল, বিদ্যুৎ, পরিবহণ ও যোগাযোগ, এই চারটি স্তম্ভ শক্তিশালী হলে শিল্প, ব্যবসা, কৃষি, গ্রামীণ উন্নয়ন, লগ্নি ও কর্মসংস্থান বাড়ে এবং দারিদ্র্য দূর হয়। মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করে তিনি বলেন, “চিন্তা করবেন না। মহাভারতে দ্রৌপদীর থালার মতো আমার থালাতেও টাকার কোনও অভাব নেই। আপনি চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু আমি টাকা দিতে ক্লান্ত হব না।”
ঝাঁ চকচকে নতুন সড়কে যাতে প্রয়োজনে বিমানও অবতরণ করতে পারে, কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ির কাছে আব্দার করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ‘জাতীয় সড়ক সংযোগ কোথায় আরও ভাল করা যায় সেই বিষয়ে আমি নীতীন গড়কড়িজিকে পয়েন্ট আউট করেছি। এছাড়াও আগামীদিনে রাজ্য সড়কের সঙ্গে যাতে আরও বেশি জাতীয় সড়কের সংযোগ করা যায় সেই বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দেব।’ এর পাশাপাশি দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ পর্যন্ত রেলওয়ে পরিষেবা শুরু করারও পরিকল্পনা করছে সরকার।