শুক্রবার | ২০ নভেম্বর ২০২৬

ঝড়ের আতঙ্কে থমকে গেল চন্দননগরের ঐতিহাসিক শোভাযাত্রা

 ঝড়ের আতঙ্কে থমকে গেল চন্দননগরের ঐতিহাসিক শোভাযাত্রা

নিজস্ব সংবাদদাতা- ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে চলা টানা বৃষ্টিতে ছন্দপতন ঘটল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর নিরঞ্জন পর্বে। প্রতিকূল আবহাওয়া ও নিরাপত্তার কথা মাথায় রেখে স্থগিত করে দেওয়া হলো চন্দননগরের বিশ্বখ্যাত ও ঐতিহাসিক বিসর্জন শোভাযাত্রা। বৃহস্পতিবার দশমীর সকালে জরুরি বৈঠকের পর চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটি ও প্রশাসনের তরফে জানানো হয়েছে, আজকের পরিবর্তে আগামী রবিবার, ২২ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
ব্রাজিলের রিও ডি জেনিরো-র কার্নিভালের পর সারা রাত ধরে চলা চন্দননগরের এই আলোর শোভাযাত্রা বিশ্বজুড়ে সমাদৃত। কিন্তু ভোর থেকে শুরু হওয়া একটানা বৃষ্টিতে চন্দননগরও জলমগ্ন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে সকাল থেকে দুপুর পর্যন্ত চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটি, পুলিশ প্রশাসন এবং শোভাযাত্রার সঙ্গে যুক্ত বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিদের নিয়ে দফায় দফায় বৈঠক করেন স্থানীয় বিধায়ক দীপাঞ্জন গুহ। অন্যদিকে, কেন্দ্রীয় কমিটির অধীনে থাকা ১৮০টি বারোয়ারিকে নিয়েও বৈঠক করা হয়েছে। সেখানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, মানুষের নিরাপত্তার স্বার্থে এবং যেকোনও রকম অঘটন এড়াতে দশমীর দিন বিসর্জন বা শোভাযাত্রা কিছুই হবে না।
শোভাযাত্রা পিছিয়ে দেওয়ার কারণ ব্যাখ্যা করে চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ জানান, আগামী ২২ নভেম্বর রবিবার সন্ধ্যায় চন্দননগরের ঐতিহ্যবাহী শোভাযাত্রা হবে। তিনি বলেন, ‘এই শোভাযাত্রায় প্রতিমার পাশাপাশি বিশাল আকারের আলোকসজ্জার গাড়ি থাকে। এই বৃষ্টির মধ্যে শোভাযাত্রা বেরোলে শর্ট সার্কিট হয়ে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। তাই নিরাপত্তার কথা ভেবেই শোভাযাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *