চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় জনপ্লাবন, নিরাপত্তার কারণে প্যান্ডেল বন্ধের নির্দেশ
সন্দীপ বসু- দুর্গাপুজোর সময় কলকাতার চোরবাগানের ভয়াবহ অভিজ্ঞতার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগরের জগদ্ধাত্রী পুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন। রবিবার ছিল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠীর রাত। সেখানেই জনপ্লাবন মানকুণ্ডু স্টেশন রোডে। ভিড় সামলাতে না পেরে প্রশাসনের নির্দেশে দর্শন বন্ধ করে দেওয়া হয় মানকুণ্ডু স্পোর্টিং জগদ্ধাত্রী পুজো কমিটির মণ্ডপ এবং প্রতিমা।
চন্দননগর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, দর্শকের সংখ্যা বাড়ার কারণে সমস্যার সৃষ্টি হয়েছিল। প্রশাসনের কর্তা থেকে শুরু করে আয়োজক—সকলেই আশঙ্কা করছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এমতাবস্থায় কোনও ঝুঁকি না নিয়ে মণ্ডপে দর্শকদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ঘটনা থেকে শিক্ষা নিয়ে মানকুণ্ডু স্টেশন রোডের জন্য সপ্তমীর সকাল অর্থাৎ সোমবার আরও এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। চন্দননগরের প্রাণকেন্দ্র বাগবাজার জগদ্ধাত্রী পুজো কমিটিও জানিয়েছে, দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই দর্শন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্ঘটনা এড়াতেই পুলিশ ও প্রশাসনের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বিজেপি নেতা সুনীল বনসল, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও বিধায়ক দীপাঞ্জন গুহরা একাধিক পুজোর মণ্ডপে যান।
চন্দননগর পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব বলেন, ‘গন্ডগোল কিছু হয়নি। ভিড় বেশি হওয়ায় সমস্যা তৈরি হয়েছিল। সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে আনা হয়েছে। ইতিমধ্যেই দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। মঙ্গলবার থেকেই আরও চার কোম্পানি আসছে। দর্শনার্থীদের ভিড়ের জন্য মানকুণ্ডু স্টেশন রোডে আরও এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। সমস্ত পরিস্থিতির জন্য সজাগ রয়েছে পুলিশ।’ চন্দননগরের বিভিন্ন জগদ্ধাত্রী পুজো নিয়ে তৈরি কেন্দ্রীয় কমিটির সম্পাদক শুভজিৎ সাউ বলেন, ‘মানকুণ্ডু স্টেশন রোডে ভিড় বাড়ার ফলে স্পোর্টিং ক্লাবের মণ্ডপে সমস্যা সৃষ্টি হয়েছিল। সেই কারণে পুজো কমিটি এবং কেন্দ্রীয় কমিটির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সাময়িকভাবে দর্শন বন্ধ রাখা হবে। চাপ কমলেই ফের খুলে দেওয়া হবে পুজো মণ্ডপ। মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই আমরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। শুধু এই পুজো নয়, এরপরও যেখানে যেখানে অতিরিক্ত ভিড় বাড়বে, সেখানেই সাময়িকভাবে দর্শন বন্ধ করে দেওয়া হবে।’