শুক্রবার | ১২ জুন ২০২৬

‘উস্কানিমূলক’ বক্তব্য সংক্রান্ত মামলায় ফের অভিষেকের দুয়ারে সিআইডি

 ‘উস্কানিমূলক’ বক্তব্য সংক্রান্ত মামলায় ফের অভিষেকের দুয়ারে সিআইডি

কলকাতা, ১২ জুন- ধর্নামঞ্চে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হলো। একইভাবে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগের তদন্তে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করল সিআইডি।

গত ২৭ এপ্রিল নির্বাচনী প্রচারে উস্কানিমূলক ভাষণের অভিযোগে আগেই বাগুইআটি থানায় একটি এফআইআর দায়ের করা হয় অভিষেকের বিরুদ্ধে। সেই তদন্তের ভার যায় বিধাননগর সাইবার ক্রাইম থানায়। সেই তদন্তভার চলে যায় সিআইডির হাতে। শুক্রবার বিকেলে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল তার কালীঘাটের বাড়িতে যায়। তবে ডায়মন্ড হারবারের সাংসদ বাড়ি না-থাকায় তাকে নোটিস ধরানো নিয়ে জটিলতা সৃষ্টি হয়।  দুপুর ৩টে ৫০ মিনিট নাগাদ অভিষেক বাড়ি থেকে বেরিয়ে যান। আর ৪ টে ৪০ মিনিটে অভিষেকের বাড়িতে যান তদন্তকারীদের দলটি। তার বাড়ির থেকে বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন অভিষেক, সেখানে একটি বৈঠক চলছে। ফলে অভিষেকের পক্ষে নিজের হাতে নোটিস নেওয়া সম্ভবপর নয়।

সই কান্ড নিয়ে ইতিমধ্যে অস্বস্তি বেড়েছে অভিষেকের। সই কান্ডে সিআইডি তাকে তিনবার নোটিস দেওয়ার পরে আদালতের দ্বারস্থ হন অভিষেক। তারপর আদালতের নির্দেশে বৃহস্পতিবার ভবানীভবনে তদন্তকারীদের মুখোমুখি হন তিনি। সাড়ে পাঁচ ঘণ্টার জেরার পরে সেখান থেকে বের হন। আর শুক্রবারই ফের আরেকটি মামলায় তাকে নোটিস দিতে পৌঁছে গেল সিআইডি। অভিষেকের বাড়িতে সিআইডি যাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কালীঘাট এলাকায়। অনেকে তাঁর বাড়ির সামনে জড়ো হন। আসেন আইনজীবীরাও। অন্যদিকে, কলকাতার ধর্নামঞ্চ থেকে উস্কানিমূলক মন্তব্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর দায়ের হয়েছে বলে খবর। তবে তৃণমূলের তরফে এ নিয়ে কেউ কোনও মন্তব্য করেননি।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *