যুদ্ধবিরতি লঙ্ঘন, এবার আমেরিকাকে হুঁশিয়ারি ইরানের
তেহরান, ২৭ মে : সোমবার রাতে দক্ষিণ ইরানে হরমুজ় প্রণালী সংলগ্ন এলাকায় হামলা করে আমেরিকার সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। মার্কিন বাহিনীর দাবি, আত্মরক্ষার জন্য এই হামলা চালিয়েছে তারা। এবার আমেরিকাকে পাল্টা হুঁশিয়ারি দিল ইরান। তেহরানের তরফে দাবি করা হয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে মার্কিন সেনা। আর সেই মার্কিন আগ্রাসনের জবাব দেওয়া হবে বলে জানানো হয়েছে ইরানের তরফে। আর এই আবহে পশ্চিম এশিয়ায় শান্তি ফিরবে কিনা তা নিয়েই বিশ্বের নানা মহলে প্রশ্ন উঠেছে।
ইরানের বিদেশ মন্ত্রক জানিয়েছে, সে দেশের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে যুদ্ধবিরতি ‘গুরুতর লঙ্ঘন’ করেছে মার্কিন বাহিনী। তার পরেই তারা জানিয়েছে, তেহরান ‘সব আগ্রাসনের জবাব দেবে এবং নিজের ভূখণ্ড রক্ষায় এক পা-ও পিছু হটবে না’। এই অবস্থায় দুই দেশের মধ্যে সমঝোতা কীভাবে হবে সেই প্রশ্ন উঠছে।
আমেরিকা এবং ইরানের মধ্যে বর্তমানে সংঘর্ষবিরতি চলছে। কূটনৈতিক পথে সংঘাতের সমাধানের চেষ্টা চলছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, অন্য কোনও পদক্ষেপ করার আগে কূটনৈতিক ভাবে সমস্যার সমাধান করার সব রকম পথ নেড়েচেড়ে দেখতে চান তিনি। তবে এরই মধ্যে সোমবার রাতে দক্ষিণ ইরানে বন্দর আব্বাস শহরে পর পর বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পরে মার্কিন বাহিনীর কাছে জানতে চাওয়া হলে তারা জানায়, আত্মরক্ষার উদ্দেশ্যে দক্ষিণ ইরানে হামলা চালিয়েছে তারা। অন্য দিকে, ইরান দাবি করেছে, তাদের বাহিনীও মার্কিন ড্রোন নামিয়েছে। তার পরেই তাদের হুঁশিয়ারি, বার বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালানোর চেষ্টা করলে আমেরিকাকে ‘নিশ্চিত এবং উচিত’ জবাব দেবে। ইরানের এই হুঁশিয়ারির পরে ফের দুই দেশের মধ্যে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।