মঙ্গলবার | ১৪ জুলাই ২০২৬

বাংলার জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর

 বাংলার জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর

কলকাতা, ১৪ জুলাই- বাংলায় ডবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠা হওয়ার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, এবার থেকে কেন্দ্রীয় সরকারের সব প্রকল্পের সঙ্গে যুক্ত হবে বাংলার সরকার। সোমবার এবং মঙ্গলবার দু’দিনের রাজ্য সফরের শেষ দিনে সাংবাদিক সম্মেলন করে বাংলার জন্য একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান।

            রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ, কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল-সহ রাজ্য মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী জানান, পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে ‘বিকশিত ভারত’ গঠন অসম্ভব। আর সেই লক্ষ্যেই কেন্দ্রের ‘ডবল ইঞ্জিন’ সরকার রাজ্যের পরিকাঠামো, কর্মসংস্থান এবং কৃষি ব্যবস্থার আমূল পরিবর্তনে ঝাঁপিয়েছে। বাংলার পূর্বতন সরকারকে আক্রমণ করে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্য,  বিগত দিনে রাজ্য সরকারের লাগাতার অসহযোগিতার কারণে সড়ক, জাতীয় মহাসড়ক, রেলপথ, মেট্রো এবং গ্যাস পাইপলাইনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মোট ৮২,৪৯২ কোটি টাকার কাজ সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিল। তারপরেই বর্তমান সরকারকে দ্বরাজ সার্টিফিকেট দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মাত্র কয়েক মাসের মধ্যে এই ৮২,৪৯২ কোটির সমস্ত আইনি ও প্রশাসনিক বাধা দূর করতে সক্ষম হয়েছে। ফলে এখন থেকে যুদ্ধকালীন তৎপরতায় এই প্রকল্পগুলির কাজ শুরু হবে, যা বাংলার অর্থনৈতিক ও সামাজিক পরিকাঠামোকে এক ধাক্কায় অনেকটা এগিয়ে দেবে।

            ‘বিকশিত ভারত জি রামজি’ কর্মসূচির অধীনে গ্রামীণ কর্মসংস্থানে আমূল বদল আনা হচ্ছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত শুধু কেন্দ্রীয় সরকারই বরাদ্দ করেছে ৮,৫০৮ কোটি টাকা। রাজ্যের অংশ মিলিয়ে এই তহবিলের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১২,০৬৪ কোটি ৫০ লক্ষ টাকা। এই প্রকল্পের আওতায় এখন থেকে ১০০ দিনের বদলে ১২৫ দিনের কাজের গ্যারান্টি দেওয়া হবে। অদক্ষ শ্রমিকদের ক্ষেত্রে দৈনিক ৩০০ টাকা, আধা-দক্ষদের জন্য ৪৫০ টাকা এবং দক্ষ শ্রমিকদের জন্য ৬০০ টাকা মজুরি সুনিশ্চিত করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ (যেমন এল নিনো বা খরা) দেখা দিলে প্রয়োজনে আরও ৫০ দিন অতিরিক্ত কাজ দেওয়া হবে, যাতে গ্রামীণ মানুষকে কাজের সন্ধানে পরিযায়ী হতে না হয়। ইতিমধ্যে ২ কোটি ৫৬ লক্ষ জব কার্ড চিহ্নিত করা হয়েছে। সাংবাদিক বৈঠকের শেষে কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দেন, ‘ভারত সরকার পশ্চিমবঙ্গের উন্নয়নে কোনও খামতি রাখবে না। এবার থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কেন্দ্রের ও রাজ্যের ডবল ইঞ্জিন সরকার চলবে এবং উন্নয়ন ও প্রগতিতে পশ্চিমবঙ্গকে দেশের এক নম্বর রাজ্যে পরিণত করাই আমাদের একমাত্র লক্ষ্য।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *