ক্যামাক স্ট্রিটে তৃণমূলের অফিসে ভাঙচুর, গ্রেফতার ৬, সরব অভিষেক
কলকাতা, ৩ সেপ্টেম্বর- বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ভাঙচুরের অভিযোগ উঠেছে। গোটা ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ্যে এনেছেন স্বয়ং অভিষেক। এক্স হ্যান্ডেলে এই ভিডিও পোস্ট করে বিজেপিকে তোপ দেগেছেন তিনি। তার দাবি, বিজেপির ‘গুন্ডারা’ হাতে অস্ত্র নিয়ে এই ধরনের ভাঙচুরের ঘটনার সঙ্গে যুক্ত। দপ্তরের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের মারধর করা হয়েছে বলেও দাবি। যদিও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘বিজেপি এই ধরনের প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়।’ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ‘এসব মিথ্যে কথা বলে আর কতদিন চলবে।’ অভিষেকের তরফে অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থল থেকে ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। বাকিদের খোঁজেও চলছে তল্লাশি, এমনটাই পুলিশের তরফে জানানো হয়েছে।
অভিষেক অভিযোগ তুলেছেন, বারবার ফোন আর ইমেল করেও পুলিশের তরফে সাড়া মেলেনি। পাল্টা পুলিশের তরফে বলা হয়েছে, ঘটনার খবর পাওয়া মাত্র অ্যাকশন নেওয়া হয়েছে। গোটা ঘটনাকে কটাক্ষ করে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি বলেন, ‘এসব আসলে কিছুই নয়। বেড়ালকে বাঘ বানানোর চেষ্টা চলছে।’ বিজেপি নেতা দেবজিৎ সরকার বলেন, ‘বাংলায় বিজেপির সরকার আসার পরে আইনের শাসন সুপ্রিতিষ্ঠিত হয়েছে।’ তাৎপর্যপূর্ণভাবে গত বৃহস্পতিবার অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে তৃণমূলের বিল বোর্ড খোলাকে কেন্দ্র করে ধুন্ধুমা পরিস্থিতি তৈরি হয়। তার এক সপ্তাহ পরে সেই অফিসেই এমন ঘটনা ঘটল। ক্যামাক স্ট্রিটে ভাঙচুরের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেছেন, ‘ক্যামাক স্ট্রিটের অফিসে ঢুকে কম্পিউটার, নথি লুট করা হয়েছে, আমাদের দলের চারজনকে ভেতরে আটকে রেখে অত্যাচার চালানো হয়েছে। ঠিক নাকের ডগায় শেক্সপিয়র সরণী থানা রয়েছে, অথচ ওদের দিয়ে বা নিষ্ক্রিয় রেখে এই কাজ করানো হয়েছে।’