বৃহস্পতিবার | ২৮ মে ২০২৬

বিএসএফকে ১৪২ একর জমি হস্তান্তর, সমাজমাধ্যমে পোস্ট করে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

 বিএসএফকে ১৪২ একর জমি হস্তান্তর, সমাজমাধ্যমে পোস্ট করে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা , ২৮ মে–মুখ্যমন্ত্রীর পদে দায়িত্ব নেওয়ার পরেই সীমান্ত এলাকায় বিএসএফকে জমি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। মন্ত্রীসভার প্রথম বৈঠকেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। নবান্নে বিএসএফের সঙ্গে আলোচনাও হয়েছে। এবার সমাজমাধ্যমে পোস্ট করে মুখ্যমন্ত্রী জানালেন, এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে বিএসএফ-কে মোট ১৪২.৭৯ একর জমি হস্তান্তর করা হয়েছে। ওই জমিতে দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণ এবং বিএসএফের নতুন আউটপোস্ট (সীমান্ত চৌকি) তৈরি করা হবে। কোন জেলায় ঠিক কত পরিমাণ জমি দেওয়া হয়েছে, বুধবার রাতে তা-ও নিজের ফেসবুক হ্যান্ডলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সবচেয়ে বেশি জমি দেওয়া হচ্ছে মুর্শিদাবাদেই।

            সমাজমাধ্যমের পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘সীমান্ত সুরক্ষায় আরও নিবিড় পদক্ষেপ গ্রহণ করল বর্তমান রাজ্য সরকার। প্রাথমিক পর্বের পর আবারও বিএসএফ-কে নতুন পর্যায়ে জমি হস্তান্তর করায় মোট হস্তান্তরিত জমির পরিমাণ বেড়ে দাঁড়াল ১৪২.৭৯ একর। এই জমিতে বিএসএফ আউটপোস্ট ও কাঁটাতারের বেড়া নির্মাণের ফলে সীমান্ত এলাকা আরও সুরক্ষিত হবে।’ মুখ্যমন্ত্রীর দেওয়া জেলাভিত্তিক খতিয়ান অনুযায়ী, রাজ্যের উত্তর থেকে দক্ষিণ— সর্বত্রই এই জমি হস্তান্তরের প্রক্রিয়া চলেছে। যার মধ্যে মুর্শিদাবাদে সর্বোচ্চ ৩৮.৮০৫ একর এবং জলপাইগুড়িতে ৩৫.১৬৫ একর জমি দেওয়া হয়েছে। এ ছাড়াও কোচবিহারে ২২.৯৫ একর, দক্ষিণ দিনাজপুরে ২০.১৭০১ একর, মালদহে ১০.৯০ একর, দার্জিলিঙে ৮.৮১৫ একর, উত্তর দিনাজপুরে ২.৮৪ একর, উত্তর ২৪ পরগনায় ২.৬ একর এবং নদিয়ায় ০.৫৫ একর জমি বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *